পটুয়াখালীর গলাচিপায় জুয়া আইনে অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেফতার করেছে গলাচিপা থানা পুলিশ। এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (১১ আগস্ট) বিকেল ৪টা ৫৫ মিনিটে গলাচিপা সদর ইউনিয়নের বোয়ালিয়া খেয়াঘাট সংলগ্ন সদর ইউনিয়ন পরিষদ কার্যালয়ের উত্তর পাশে জনৈক নিজামের একটি পরিত্যক্ত ঘরে অভিযান পরিচালনা করা হয়। এ সময় সেখানে জুয়া খেলার অভিযোগে পাঁচজনকে গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন, মোঃ লিমন হাওলাদার (৩৫), পিতা মোঃ নুরুল ইসলাম হাওলাদার; মোঃ সান্টু হাওলাদার (৪৫), পিতা মৃত তোজাম্বর আলী হাওলাদার; মোঃ জুয়েল তালুকদার (৪২), পিতা মৃত আলমাস তালুকদার; মোঃ ওয়াসিম হাওলাদার (৪২), পিতা মোঃ রাজ্জাক হাওলাদার এবং মোঃ খলিলুর রহমান
(৩০), পিতা মোঃ শের আলী হাওলাদার। এছাড়া সবুজ পন্ডিত (৫৫) ও শাহাজাদা পন্ডিত (৪৭) এ সময় দৌড়ে পালিয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। গ্রেপতারকৃতরা সবাই গলাচিপা থানাধীন গলাচিপা ও রতনদী তালতলী ইউনিয়নের বাসিন্দা।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই পরিত্যক্ত ঘরে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। পরে তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
গলাচিপা থানা পুলিশ জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জুয়াসহ বিভিন্ন অপরাধ দমনে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।