বিএনপি বিভিন্ন ক্ষেত্রে আওয়ামী লীগের রাজনৈতিক কৌশল অনুসরণ করছে এবং এর মাধ্যমে দলটি নিজেদের পতনকে আরও ত্বরান্বিত করছে বলে মন্তব্য করেছেন সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মহিলা বিভাগের সেক্রেটারি নুরুন্নিসা সিদ্দিকা।
বুধবার (১২ আগস্ট) রাজধানীর বারিধারায় জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী উত্তর মহিলা বিভাগের উদ্যোগে আয়োজিত ‘অদম্য জুলাই’ স্মারকের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
নুরুন্নিসা সিদ্দিকা বলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানে নারীদের যে গুরুত্বপূর্ণ ও সক্রিয় ভূমিকা ছিল, তা এখনো শেষ হয়নি। জুলাইয়ের সঠিক ইতিহাস সংরক্ষণ এবং নতুন প্রজন্মের কাছে আন্দোলনের ঘটনাপ্রবাহ তুলে ধরতে ‘অদম্য জুলাই’ স্মারক প্রকাশ করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে বলে জানান তিনি।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ঢাকা মহানগরী উত্তর মহিলা বিভাগের সেক্রেটারি সুফিয়া জামাল বলেন, দীর্ঘ ১৬ বছর পর সংগঠনটির পক্ষ থেকে প্রথমবারের মতো এ স্মারক প্রকাশ করা হয়েছে। ইতিহাস বিকৃতি রোধ এবং আন্দোলনের স্মৃতি সংরক্ষণই এর অন্যতম উদ্দেশ্য।
বিশেষ অতিথি সংসদ সদস্য অ্যাডভোকেট সাবিকুন্নাহার মুন্নি জুলাই সনদের গুরুত্ব তুলে ধরে বলেন, এর বাস্তবায়ন বিলম্বিত করার কোনো সুযোগ নেই। জুলাই আন্দোলনের মূল চেতনা প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত জনগণের অধিকার পূর্ণতা পাবে না।
সংসদ সদস্য মারজিয়া বেগম ‘অদম্য জুলাই’ স্মারকের সাফল্য কামনা করেন। সংসদ সদস্য নাজমুন নাহার নীলু বলেন, জুলাই সনদ বাস্তবায়নের মধ্য দিয়েই জুলাইয়ের আকাঙ্ক্ষা পূরণ করতে হবে।
অনুষ্ঠানে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্য ডা. মাহমুদা মিতুসহ জামায়াতের বিভিন্ন পর্যায়ের নারী নেত্রী, ছাত্রীসংগঠনের প্রতিনিধি, শিক্ষক ও লেখকরা বক্তব্য দেন।
অনুষ্ঠানের শুরুতে বৈষম্যবিরোধী আন্দোলন নিয়ে নির্মিত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। পরে ‘অদম্য জুলাই’ স্মারকের সম্পাদকীয় পরিষদের পরিচিতি তুলে ধরা হয় এবং আনুষ্ঠানিকভাবে স্মারকের মোড়ক উন্মোচন করা হয়। অনুষ্ঠানে ফটোসেশন ও শুভেচ্ছা কপি বিতরণের পাশাপাশি জুলাই আন্দোলন ও শিশুদের ওপর সংঘটিত হত্যাকাণ্ড নিয়ে আরও একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।