সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময়কার জ্বালানি নীতির কারণে দেশে বিদ্যুৎ নিয়ে ভোগান্তি তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।
মঙ্গলবার (১১ আগস্ট) মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার স্যার জগদীশ জেসি বোস ইনস্টিটিউশন অ্যান্ড কলেজ এবং বিক্রমপুর ভূঁইয়া মেডিকেল কলেজ ক্যাম্পাসে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ইশরাক হোসেন বলেন, জ্বালানি খাতকে ফ্যাসিবাদ ও সিন্ডিকেটের নিয়ন্ত্রণমুক্ত করতে বর্তমান সরকার কাজ করছে। এ লক্ষ্যে দক্ষতা ও বাস্তবতার ভিত্তিতে নতুন নীতিমালা প্রণয়ন করা হয়েছে। আগামী জাতীয় সংসদে এসব নীতিমালা উপস্থাপন করা হবে বলেও জানান তিনি।
২০২৪ সালের গণঅভ্যুত্থানের প্রসঙ্গ তুলে প্রতিমন্ত্রী বলেন, ওই আন্দোলনে ছাত্রদলের ১৪৮ জন নেতাকর্মী শহীদ হয়েছেন। অথচ বর্তমানে আন্দোলনের নামে কেউ কেউ অপপ্রচার ও বিভ্রান্তি ছড়ানোর পাশাপাশি জ্বালানি ইস্যুকেও রাজনৈতিক কর্মসূচিতে ব্যবহার করার চেষ্টা করছেন।
তিনি আরও দাবি করেন, বিএনপির নেতাকর্মীরা দীর্ঘ ১৭ বছর ধরে গুম, খুন ও নির্যাতনের শিকার হয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানেও বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলা ও নির্যাতনের ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেন তিনি।
ইশরাক হোসেন বলেন, অতীতে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এমন ব্যক্তিদের কেউ কেউ এখন নিজেদের আন্দোলনের অংশ হিসেবে উপস্থাপন করছেন, যা তার কাছে হাস্যকর।
অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু। শ্রীনগর উপজেলা বিএনপির সভাপতি শহীদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
বৃক্ষরোপণ কর্মসূচিতে শিক্ষার্থী, শিক্ষক ও স্থানীয় বাসিন্দারাও অংশ নেন।