আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) ওপর নিষেধাজ্ঞা আরোপ করে যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের বিচারের বৈশ্বিক প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করার অভিযোগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের বিরুদ্ধে মামলা করেছে যুক্তরাষ্ট্রের চারটি শীর্ষস্থানীয় মানবাধিকার সংস্থা।
মঙ্গলবার যুক্তরাষ্ট্রের একটি ফেডারেল আদালতে যৌথভাবে মামলাটি দায়ের করা হয়। মামলায় সংস্থাগুলো দাবি করেছে, আইসিসি এবং আদালটির কার্যক্রমকে সমর্থনকারী ব্যক্তিদের ওপর ট্রাম্প প্রশাসনের নিষেধাজ্ঞা আন্তর্জাতিক বিচারব্যবস্থার ওপর বেআইনি হস্তক্ষেপের শামিল।
মামলাটি করেছে আমেরিকান ফ্রেন্ডস সার্ভিস কমিটি, সেন্টার ফর কনস্টিটিউশনাল রাইটস, হিউম্যান রাইটস ওয়াচ এবং ওপেন সোসাইটি ইনস্টিটিউট।
যৌথ রিট পিটিশনে সংস্থাগুলো অভিযোগ করেছে, ট্রাম্প প্রশাসনের এ পদক্ষেপ ক্ষমতার বেআইনি অপব্যবহার। তাদের দাবি, এর মাধ্যমে আইনের শাসন, বিচারক, প্রসিকিউটর ও আইনজীবীদের স্বাধীনতা, আন্তর্জাতিক আইনি ব্যবস্থার ভিত্তি এবং সবার জন্য সমান বিচারের নীতিকে সরাসরি ক্ষতিগ্রস্ত করা হচ্ছে।
মানবাধিকার সংস্থাগুলোর মতে, এ ধরনের নিষেধাজ্ঞার ফলে গণহত্যা, যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনার আন্তর্জাতিক সক্ষমতা মারাত্মকভাবে দুর্বল হচ্ছে।
ট্রাম্পের নির্বাহী আদেশ চ্যালেঞ্জ
২০২৫ সালের ফেব্রুয়ারিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জারি করা একটি নির্বাহী আদেশকে চ্যালেঞ্জ করেই মূলত মামলাটি করা হয়েছে।
ওই নির্বাহী আদেশের মাধ্যমে ফিলিস্তিনে ইসরায়েলের কথিত যুদ্ধাপরাধের তদন্তের সঙ্গে সংশ্লিষ্ট আইসিসির কর্মকর্তা, বিচারকসহ অন্যান্য ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা আরোপের ক্ষমতা দেওয়া হয়।
বর্তমানে আইসিসির পরিচালিত ১৮টি বিভিন্ন যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের তদন্তের মধ্যে ফিলিস্তিন পরিস্থিতির তদন্ত অন্যতম।
নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার পর নিষেধাজ্ঞা
যুক্তরাষ্ট্র কখনোই আইসিসির সদস্য রাষ্ট্র ছিল না। দীর্ঘদিন ধরে ওয়াশিংটন আদালটির বিভিন্ন কার্যক্রমের বিরোধিতা করে আসছে। তবে ২০২৪ সালের নভেম্বরে এ বিরোধ আরও তীব্র হয়।
ওই সময় গাজায় সংঘটিত কথিত যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আইসিসি।
এরপর মার্কিন প্রশাসন আইসিসির প্রসিকিউটর ও বিচারকদের পাশাপাশি ফিলিস্তিনের তিনটি শীর্ষস্থানীয় মানবাধিকার সংস্থা এবং ফিলিস্তিনি ভূখণ্ডে মানবাধিকারবিষয়ক জাতিসংঘের বিশেষ প্রতিবেদক ফ্রান্সেসকা আলবানিজের ওপর আর্থিক ও কূটনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করে।
চার মানবাধিকার সংস্থার দায়ের করা নতুন মামলায় এসব নিষেধাজ্ঞার বৈধতা এবং ট্রাম্প প্রশাসনের নির্বাহী আদেশের ক্ষমতা প্রয়োগের বিষয়টি চ্যালেঞ্জ করা হয়েছে।
সূত্র: দ্য গার্ডিয়ান, আনাদোলু এজেন্সি
তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?