প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর বলেছেন, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় গড়ে ওঠা কোনো রাজনৈতিক দল দীর্ঘদিন টিকে থাকতে পারে না। তার দাবি, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পরিণতিও ফ্রিডম পার্টির মতো হবে।
বৃহস্পতিবার (৬ আগস্ট) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) বাংলাদেশ আইনজীবী অধিকার পরিষদ আয়োজিত ‘৬ আগস্ট জুলাই কারাবন্দিদের মুক্তি দিবস’ শীর্ষক স্মৃতিচারণ ও আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
নুর বলেন, অন্তর্বর্তী সরকারের সহযোগিতা ছাড়া এনসিপি রাজনৈতিকভাবে প্রতিষ্ঠিত হতে পারত না। পাশাপাশি দলটিতে জামায়াতে ইসলামীর কৌশলগত প্রভাব রয়েছে বলেও অভিযোগ করেন তিনি। তার ভাষ্য, বিভিন্ন রাজনৈতিক দলে অনুপ্রবেশের মাধ্যমে জামায়াত রাজনৈতিক সুবিধা নেওয়ার চেষ্টা করছে।
জুলাই গণঅভ্যুত্থানের প্রসঙ্গে নুরুল হক নুর বলেন, শেখ হাসিনা সরকারের পতন হঠাৎ করে ঘটেনি। এর পেছনে দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রাম ও বহু মানুষের ত্যাগ রয়েছে। ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলন থেকেই গণঅভ্যুত্থানের ভিত্তি তৈরি হয় বলে মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, আন্দোলনের সামনের সারির কর্মীরাই সে সময় সরকারের দমন-পীড়নের প্রধান লক্ষ্যবস্তু ছিলেন। ভবিষ্যতে অস্বাভাবিক রাজনৈতিক পরিস্থিতি তৈরি হলেও তারাই প্রথম ঝুঁকিতে পড়তে পারেন বলে আশঙ্কা প্রকাশ করেন।
বিএনপি ও প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রসঙ্গ টেনে নুর বলেন, দীর্ঘ সাড়ে ১৭ বছর দলকে সংগঠিত রাখার কারণে বিএনপি এখন দেশের সবচেয়ে সুসংগঠিত রাজনৈতিক শক্তি। তবে গণঅভ্যুত্থানের পর বৃহত্তর জাতীয় ঐক্য ধরে রাখার পরিবর্তে নতুন রাজনৈতিক দল গঠনের মাধ্যমে জুলাইয়ের চেতনা ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।