বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) নতুন মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ পেয়েছেন সাংবাদিক ও উপস্থাপক কাজী জেসিন। এক বছরের চুক্তিভিত্তিক মেয়াদে গ্রেড-১ পদমর্যাদায় তিনি দায়িত্ব পালন করবেন।
বৃহস্পতিবার (৬ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ টেলিভিশন কর্তৃপক্ষ আইন, ২০০১-এর ধারা ১১(১) অনুযায়ী কাজী জেসিনকে এ নিয়োগ দেওয়া হয়েছে। তবে দায়িত্ব গ্রহণের আগে তাকে অন্য কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠান বা সংস্থার সঙ্গে কর্ম-সম্পর্ক ত্যাগ করতে হবে।
তিনি যোগদানের তারিখ থেকে এক বছরের জন্য বিটিভির মহাপরিচালক (গ্রেড-১) হিসেবে দায়িত্ব পালন করবেন। নিয়োগের অন্যান্য শর্ত পৃথক চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারণ করা হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
সাংবাদিকতা ও গণমাধ্যমে দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে কাজী জেসিনের। তিনি দৈনিক আমার দেশ, এনটিভি, চ্যানেল ওয়ান, একুশে টিভি, বাংলাভিশন এবং যমুনা টিভিতে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে কাজ করেছেন।