নেত্রকোনা প্রতিনিধি :
নেত্রকোনার মদনে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার পৌর শহরের জাহাঙ্গীরপুর কেন্দ্রীয় বাজার দলীয় কার্যালয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে উদ্বোধক হিসেবে জেলা জাসাসের আহ্বায়ক সাদমান চৌধুরী পাপ্পু ও প্রধান বক্তা হিসেবে সদস্য-সচিব গজনবী চয়ন বক্তব্য রাখেন।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মদন উপজেলা বিএনপির সভাপতি মো. নূরুল আলম তালুকদার।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম আকন্দ ও পৌর বিএনপির সভাপতি কামরুজ্জামান চন্দন।
এ ছাড়াও বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির উপদেষ্টা রমজান আলী, উপজেলা যুবদলের সভাপতি গোলাম রাসেল রুবেল, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইমন আকন্দ লিমন ও পৌর ছাত্রদলের সভাপতি মেহেদী হাসান প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, মদন উপজেলা জাসাসের নতুন কমিটি গঠনের ক্ষেত্রে উপজেলা ও পৌর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের মতামতকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। ত্যাগী, পরীক্ষিত ও সাংগঠনিকভাবে সক্রিয় নেতাকর্মীদের মূল্যায়নের মাধ্যমে একটি সর্বসম্মত গ্রহণযোগ্য কমিটি গঠন করা সময়ের দাবি।
বক্তারা আরও বলেন, নেত্রকোনা-৪ আসনের সংসদ সদস্য ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সাহেবের সাথে সমন্বয় করে জাসাসের কমিটি গঠন করা হলে সংগঠন আরও শক্তিশালী ও গতিশীল হবে। তা ছাড়া দলের আদর্শ বাস্তবায়ন এবং সাংগঠনিক কার্যক্রম বেগবান করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।