জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী দাবি করেছেন, বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক ভবিষ্যৎ নেই এবং তার পতন ইতোমধ্যেই শুরু হয়েছে। তিনি বলেন, শেখ হাসিনার মতোই জনগণ একদিন তারেক রহমানেরও বিচার করবে এবং এ ক্ষেত্রে কোনো ধরনের আপস হবে না।
বুধবার (৫ আগস্ট) দুপুরে রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে ১১-দলীয় জোট আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজপথে সাধারণ মানুষ, শিক্ষার্থী, শ্রমজীবী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ আন্দোলনে অংশ নিয়েছিলেন। সে সময় তারেক রহমান দেশে ছিলেন না বলেও মন্তব্য করেন তিনি।
বক্তব্যে তিনি আরও অভিযোগ করেন, বর্তমান সরকারকে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে। একই সঙ্গে দেশের সার্বভৌমত্ব, রাষ্ট্র সংস্কার ও জুলাই আন্দোলনের শহীদদের বিচারের দাবি পুনর্ব্যক্ত করেন।
সমাবেশে তিনি শিক্ষাপ্রতিষ্ঠানে সহিংসতা, হাসপাতালে হামলা এবং রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগও তোলেন। পাশাপাশি ইসলাম ও দেশের সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মামুনুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে ১১-দলীয় জোটের বিভিন্ন নেতাও বক্তব্য দেন।