বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, দেশের গ্যাস সংকট পুরোপুরি দূর হবে না, তবে ধীরে ধীরে পরিস্থিতির উন্নতি হবে। তিনি জানান, মহেশখালীর ফ্লোটিং স্টোরেজ অ্যান্ড রিগ্যাসিফিকেশন ইউনিটে (এফএসআরইউ) অগ্নিকাণ্ডের কারণে সাময়িকভাবে গ্যাস সরবরাহে সমস্যা দেখা দিয়েছে এবং বিদেশি প্রকৌশলীরা তা সমাধানে কাজ করছেন।
বৃহস্পতিবার (৩০ জুলাই) রাজধানীর তেজগাঁওয়ে সমকাল আয়োজিত ‘জ্বালানি খাতে সংকট: উত্তরণে করণীয়’ শীর্ষক সংলাপে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী জানান, ১ আগস্ট থেকে গ্যাস সরবরাহ পরিস্থিতির কিছুটা উন্নতি হবে এবং ১০ আগস্টের মধ্যে আরও অগ্রগতি আশা করা হচ্ছে। তবে তিনি স্পষ্ট করে বলেন, গ্যাস সংকট সম্পূর্ণ দূর হওয়ার নিশ্চয়তা দেওয়া সম্ভব নয়। তা সত্ত্বেও সংকট মোকাবিলায় সরকার আন্তরিকভাবে কাজ করছে।
ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, সরকার দায়িত্ব নেওয়ার পর জ্বালানি খাতের সমস্যা চিহ্নিত করে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করেছে। শিল্প খাতের সমস্যা নিয়ে প্রধানমন্ত্রী ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করবেন বলেও তিনি জানান।
গ্যাস সংকটে ক্ষতিগ্রস্ত শিল্প উদ্যোক্তাদের বিল পরিশোধে নমনীয়তা দেখানোর নির্দেশ দেওয়া হয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, প্রয়োজনে ব্লক অ্যাকাউন্টের মাধ্যমে কিস্তিতে বিল পরিশোধের সুযোগ দেওয়া হবে।
তিনি আরও বলেন, গত ১৫ বছরে সৃষ্ট জ্বালানি খাতের সমস্যার সমাধান কয়েক মাসে সম্ভব নয়। তার ভাষ্য, দেশীয় গ্যাস অনুসন্ধান ও উত্তোলনের পরিবর্তে দীর্ঘদিন এলএনজি আমদানির ওপর নির্ভরশীলতা বাড়ানো হয়েছে। বর্তমান সরকার এ পরিস্থিতি মোকাবিলায় স্বল্প ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়নে কাজ করছে।