সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরা প্রসঙ্গে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, তিনি দেশে ফিরলে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। সরকারের পক্ষ থেকে আইনের বাইরে কোনো পদক্ষেপ নেওয়া হবে না বলেও জানান তিনি।
শুক্রবার (৩১ জুলাই) বেলা ১১টার দিকে ঝিনাইদহ শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বরে বৃক্ষরোপণ কর্মসূচি ও বৃক্ষমেলার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, ‘তিনি (শেখ হাসিনা) বলেছেন, তিনি নিজেই দেশে ফিরবেন। নিজে এলে ভালো। দেশে ফিরলে তাকে আদালতের মুখোমুখি হতে হবে। এখানে সরকার আইনের বাইরে কিছু করবে না।’
আইন সংস্কার প্রসঙ্গে মো. আসাদুজ্জামান বলেন, আইন সংস্কার কমিশনের প্রস্তাবনার ভিত্তিতে অন্তর্বর্তীকালীন সরকার ১৩৩টি অধ্যাদেশ জারি করেছিল। এসব অধ্যাদেশের মধ্যে অধিকাংশ সংস্কারই গ্রহণ করা হয়েছে। বাকি বিষয়গুলো সংশোধনের জন্য বিশেষ কমিটি গঠন করা হয়েছে।
তিনি আরও বলেন, জুলাই সনদের আলোকে প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম এগিয়ে নেওয়া হবে এবং যেসব আইন সংশোধনের প্রয়োজন রয়েছে, সেগুলো সংশোধন করা হবে।
হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাদের ওপর হামলার ঘটনায় দায়ের হওয়া মামলা প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, সরকার যদি আইন, আদালত, পুলিশ বা আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নিয়ন্ত্রণ রাখত, তাহলে মামলা হওয়ার সুযোগ থাকত না। তবে যেহেতু মামলা হয়েছে, তাই আইন অনুযায়ী তদন্ত হবে এবং তদন্তে যারা অভিযুক্ত প্রমাণিত হবেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
জেলা প্রশাসনের আয়োজনে বৃক্ষরোপণ ও মাসব্যাপী বৃক্ষমেলার উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন, ঝিনাইদহের জেলা প্রশাসক নোমান হোসেন, জেলা পরিষদের প্রশাসক এম এ মজিদসহ স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক নেতারা।