সিলেটের গোলাপগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জুলাই পদযাত্রা কর্মসূচি শেষে দলটির গাড়িবহরে হামলার অভিযোগ তুলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে কড়া ভাষায় সমালোচনা করেছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। তিনি অভিযোগ করেন, হামলার পেছনে বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা জড়িত।
বৃহস্পতিবার (৩০ জুলাই) গোলাপগঞ্জ পৌরসভা মিলনায়তনে জুলাই আন্দোলনে নিহতদের পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় সভা শেষে গাড়িবহরে হামলার পর সিলেটে ফিরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সারজিস আলম।
তিনি বলেন, “তারেক রহমান এখন শেখ হাসিনার পথে হাঁটছেন। তার সিগন্যাল ছাড়া কিংবা স্থানীয় বিএনপির নির্দেশনা ছাড়া ছাত্রদল এ ধরনের হামলা করতে পারে না।” তিনি আরও অভিযোগ করেন, হামলাকারীরা ‘জিয়ার সৈনিক’ স্লোগান দিয়ে ইটপাটকেল নিক্ষেপ করে এবং এতে তাকে বহনকারী গাড়ির পেছনের গ্লাস ভেঙে যায়।
এনসিপির দাবি, গোলাপগঞ্জ শহরের ডাচ-বাংলা ব্যাংকের সামনে একদল ব্যক্তি তাদের গাড়িবহরে হামলা চালায়। পরে সিলেটে ফেরার পথে পাঁচমাইল এলাকায়ও গাড়িবহর লক্ষ্য করে ইটপাটকেল ছোড়া হয়। তবে দ্বিতীয় ঘটনায় কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
এ বিষয়ে সিলেটের সহকারী পুলিশ সুপার সম্রাট তালুকদার বলেন, হামলার তথ্য পেয়েছে পুলিশ। কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তা শনাক্তে কাজ চলছে। তবে এ ঘটনায় বিএনপির পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।