জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, সরকার যদি সন্ত্রাসের পথে হাঁটে, তাহলে জনগণ প্রতিরোধের পথ বেছে নেবে। তিনি বলেন, গোলাপগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলার পরও তারা কর্মসূচি থেকে সরে দাঁড়াবেন না।
বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেলে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জাতীয় ছাত্রশক্তির উদ্যোগে আয়োজিত ‘অগ্নিঝরা জুলাই: রক্তের ঋণ ও আগামীর বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, হবিগঞ্জের পর এবার গোলাপগঞ্জেও এনসিপির নেতাকর্মীদের ওপর হামলার ঘটনা ঘটেছে। তার অভিযোগ, দেশে আবারও সন্ত্রাসের পরিবেশ তৈরি করা হচ্ছে। তিনি বলেন, “আমরা গোলাপগঞ্জে যাব, দেখি কত সন্ত্রাসী আছে এই সরকারের। আমাদের গণভোট, সংস্কার, বিচার ও জনগণের অধিকারের পক্ষে কর্মসূচি অব্যাহত থাকবে।”
এর আগে দুপুরে গোলাপগঞ্জের চৌমুহনী এলাকায় এনসিপির গাড়িবহরে হামলার ঘটনা ঘটে। এতে দলের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের গাড়ির গ্লাস ভেঙে যায়। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
এ বিষয়ে সিলেটের পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেক বলেন, চলন্ত গাড়িতে পাশ থেকে ঢিল ছোড়া হয়েছিল। এতে একটি গাড়ির গ্লাস ভেঙেছে। এটিকে পরিকল্পিত গাড়িবহরে হামলা হিসেবে দেখার সুযোগ নেই বলেও তিনি মন্তব্য করেন।