অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের লক্ষ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রতিদিন প্রায় ১৮ ঘণ্টা কাজ করেন বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বুধবার (২৯ জুলাই) রাজধানীর তেজগাঁওয়ে আহ্ছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সিভিল ডিসকোর্স ন্যাশনালস আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, দেশের উন্নয়নে কী ধরনের পরিবর্তন প্রয়োজন, তা নিয়ে প্রধানমন্ত্রী সবসময় কাজ করছেন। দায়িত্ব নেওয়ার পর বিভিন্ন উদ্যোগের মাধ্যমে তিনি ইতোমধ্যে দৃষ্টান্ত স্থাপন করেছেন বলেও মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, দেশের সামনে এখনো বড় বড় চ্যালেঞ্জ রয়েছে এবং রাতারাতি সব সমস্যার সমাধান সম্ভব নয়। তবে প্রধানমন্ত্রীর নেতৃত্বে নেওয়া উন্নয়ন উদ্যোগগুলো বাস্তবায়িত হলে বাংলাদেশ আরও অনেক দূর এগিয়ে যাবে বলে আশা প্রকাশ করেন তিনি।
মন্ত্রী আরও বলেন, ছাত্র-তরুণদের আত্মত্যাগ নতুন বাংলাদেশ গঠনের সুযোগ তৈরি করেছে। সেই সুযোগ কাজে লাগাতে শক্তিশালী নেতৃত্ব ও সুপরিকল্পিত উদ্যোগের প্রয়োজন রয়েছে। নানা প্রতিবন্ধকতা সত্ত্বেও দেশ এগিয়ে যাবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
তরুণদের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, দেশের ভবিষ্যৎ তাদের হাতেই। জলবায়ু পরিবর্তন, অর্থনৈতিক সংকটসহ বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় তরুণদের মেধা, দেশপ্রেম ও উদ্যমই বাংলাদেশের সবচেয়ে বড় শক্তি।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন আহ্ছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আশরাফুল হক, বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান অধ্যাপক গোলাম রহমান, অর্থনীতিবিদ জ্যোতি রহমান, আইডিআরএর চেয়ারম্যান মীর নাদিয়া নিভিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নাজমুজ্জামান ভূঁইয়া এবং বাংলাদেশ ডায়ালগের চেয়ারম্যান রুবাইয়াত মান্নান।