বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ দাবি করেছেন, বর্তমান সরকারের আমলে রাষ্ট্রীয় মদদে কোনো গুম, খুন, দুর্নীতি বা হয়রানিমূলক কর্মকাণ্ড ঘটেনি।
বুধবার (২৯ জুলাই) বিকেলে ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়নের লঞ্চঘাটসংলগ্ন নদীভাঙনকবলিত এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
পার্থ বলেন, বর্তমান সরকারের সময়কে আগের ১৭ বছরের সরকারের সঙ্গে তুলনা করা যায় না। তার দাবি, এখন গণমাধ্যমে গুম, খুন, ব্যাংক লুট, অদৃশ্য মামলা কিংবা রাজনৈতিক হয়রানির খবর নেই। ভোলায় গত সাড়ে চার মাসে প্রতিপক্ষের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা, চাপ সৃষ্টি বা দুর্নীতির কোনো অভিযোগও নেই বলে তিনি উল্লেখ করেন।
তিনি আরও বলেন, সরকার দুর্নীতির বিরুদ্ধে কাজ করছে এবং রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় গুম-খুন বা দুর্নীতির কোনো ঘটনা ঘটেনি। ভবিষ্যতেও এমন কর্মকাণ্ড ঘটবে না বলেও আশা প্রকাশ করেন তিনি।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ প্রসঙ্গে আন্দালিব রহমান পার্থ বলেন, রাজনৈতিক সহিংসতার সংস্কৃতি থেকে সব দলকে বেরিয়ে আসতে হবে। রাজনীতিতে সংযত ভাষা ব্যবহার এবং ধৈর্য ধারণের ওপরও তিনি গুরুত্বারোপ করেন।
এ সময় ভোলা সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সজল কুমার দাস, ভোলা জেলা বিজেপির সভাপতি আমিনুল ইসলাম রতন, সাধারণ সম্পাদক মোতাছিন বিল্লাহসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।