জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী দাবি করেছেন, দেশের কিছু টকশো আলোচক ও মিডিয়া ব্যক্তিত্ব এখনও মনে করেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরবেন।
সোমবার (২৭ জুলাই) বিকেলে কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় এনসিপির ‘দেশ গড়তে জুলাই জাগরণ কর্মসূচি’ উপলক্ষে আয়োজিত সমাবেশে বক্তব্য দিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।
বক্তব্যে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘বাংলাদেশে এখনও অনেক মুজিবপ্রেমী টকশো আলোচক ও মিডিয়া ব্যক্তিত্ব আছেন, যারা স্বপ্ন দেখেন ডিসেম্বরে শেখ হাসিনা দেশে ফিরবেন। কিন্তু সেই সম্ভাবনা নেই।’
বক্তৃতার একপর্যায়ে তিনি শেখ হাসিনাকে নিয়ে আরও কিছু কঠোর ও বিতর্কিত মন্তব্য করেন।
সমাবেশে তিনি এনসিপির নেতাকর্মীদের উদ্দেশে বিভিন্ন রাজনৈতিক বিষয়ে বক্তব্য দেন এবং দলের কর্মসূচি সফল করতে সক্রিয়ভাবে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, যুগ্ম আহ্বায়ক ড. আতিক মুজাহিদ, কিশোরগঞ্জ জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদক ইকরাম হোসেন, ফয়সাল প্রিন্সসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা বক্তব্য দেন।
তাড়াইলের সমাবেশ শেষে রাতে করিমগঞ্জ ও কিশোরগঞ্জ সদরেও পৃথক সমাবেশ করে এনসিপি।