নেত্রকোনা প্রতিনিধি :
নেত্রকোনার সদরে মাহফুল মিয়া (৩৫) নামের এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। তবে স্থানীয়দের ধারণা পূর্ব শত্রুতার জেরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পারে। রোববার সকালে উপজেলা দুআনি দুধকুড়া গ্রামের নিজ ঘরে বিছানায় থেকে গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়।
নিহত মাহফুল মিয়া ওরফে মাসুল উপজেলার কালিয়ারা গাবরাগাতি ইউনিয়নের দুআনি দুধকুড়া গ্রামের মৃত ইয়াকুব আলী ছেলে।
স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা গেছে, প্রতিদিনের ন্যায় মাহফুল মিয়া শনিবার রাতের খাবার খেয়ে নিজ ঘরে ঘুমিয়ে পড়েন। রোববার ভোর পাঁচটায় নিহতের মা ঘুম থেকে উঠে ছেলের শোবার ঘরের দরজা খোলা দেখতে পান। তিনি টর্চ লাইটের আলো জ্বালিয়ে ছেলের গলাকাটা রক্তাক্ত অবস্থা দেখতে পেয়ে ডাক চিৎকার দিলে আশেপাশের লোকজন আসেন। পরে তারা থানায় খবর দিলে পুলিশ এসে সকালে মরদেহ উদ্ধার করেন। পরিবারের দাবি জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের লোকজন মাহফুলকে রাতে ঘুমন্ত অবস্থায় গলাকেটে হত্যা করেন।
নেত্রকোনা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আবুল খায়ের জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মাহফুল মিয়ার গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। ময়নাতদন্তের জন্য নেত্রকোনা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনার প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।