কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিকে সঠিকভাবে বোঝা এবং দীর্ঘমেয়াদে কার্যকর ও দায়িত্বশীলভাবে ব্যবহার নিশ্চিত করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।
শনিবার (২৫ জুলাই) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে অনুষ্ঠিত ‘গ্লোবাল কনফারেন্স অন এআই লিডারশিপ অ্যান্ড ফ্ল্যাগশিপ প্রেস্টিজ অ্যাওয়ার্ড-২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান ও সচেতনতা না থাকলে এ প্রযুক্তি যে কোনো সময় উল্টো নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তাই এআইকে ভয় না পেয়ে সঠিকভাবে বুঝে মানুষের সহযোগী ও উন্নয়নের অংশীদার হিসেবে গ্রহণ করার আহ্বান জানান তিনি।
তিনি বলেন, দীর্ঘদিন ধরে মানবজাতিই সভ্যতার উন্নয়ন এবং কখনো কখনো অবক্ষয়ের জন্য দায়ী ছিল। তবে প্রযুক্তির এই নতুন যুগে মানুষ আর একা নয়; মানবসভ্যতার অগ্রযাত্রায় কৃত্রিম বুদ্ধিমত্তাও একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
জহির উদ্দিন স্বপন আরও বলেন, এআইয়ের সম্ভাবনাকে কাজে লাগাতে হলে প্রযুক্তিগত দক্ষতার পাশাপাশি নৈতিকতা, দায়িত্বশীলতা এবং সচেতন ব্যবহারের ওপর সমান গুরুত্ব দিতে হবে।