জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, নতুন বাংলাদেশ গঠনে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি সরকারের উন্নয়ন কর্মকাণ্ডে গঠনমূলক সহযোগিতার পাশাপাশি ভুল-ত্রুটিও নিরপেক্ষভাবে তুলে ধরার আহ্বান জানান।
বুধবার (২২ জুলাই) সকালে নেত্রকোনার দুর্গাপুরে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) আয়োজিত সাংবাদিকদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কায়সার কামাল বলেন, সাংবাদিকতা একটি মহান ও দায়িত্বশীল পেশা। তবে কিছু অপেশাদার কর্মকাণ্ড এ পেশার ভাবমূর্তি ক্ষুণ্ন করছে। তিনি সাংবাদিকদের উদ্দেশে বলেন, তার কাজেও যদি কোনো ভুল থাকে, তা যেন নির্ভয়ে তুলে ধরা হয়। এতে সংশোধনের সুযোগ তৈরি হবে। একই সঙ্গে তিনি সাংবাদিকতার আড়ালে অপসাংবাদিকতা থেকে বিরত থাকার আহ্বান জানান।
তিনি আরও বলেন, সাংবাদিকরা জাতির বিবেক। তাই সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশ গঠনে সবাইকে ভূমিকা রাখতে হবে।
অনুষ্ঠানে পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফ বলেন, বর্তমান সময়ে তথ্যপ্রবাহ যেমন বেড়েছে, তেমনি ভুয়া তথ্য ছড়িয়ে পড়ার ঝুঁকিও বৃদ্ধি পেয়েছে। তাই সংবাদ প্রকাশের আগে তথ্যের সত্যতা যাচাই করা সাংবাদিকদের অন্যতম প্রধান দায়িত্ব।
তিনি বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সাংবাদিকতায় নতুন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে। তবে এর ব্যবহার হতে হবে নৈতিকতা, দায়িত্ববোধ এবং তথ্য-যাচাইয়ের মানদণ্ড অনুসরণ করে। ফ্যাক্ট-চেকিংয়ে দক্ষতা অর্জনের মাধ্যমে সাংবাদিকরা আরও নির্ভুল ও বিশ্বাসযোগ্য সংবাদ পরিবেশন করতে পারবেন।
ফারুক ওয়াসিফ জানান, পিআইবির এই প্রশিক্ষণের মূল লক্ষ্য হলো সাংবাদিকদের ডিজিটাল প্রযুক্তি, তথ্য-যাচাই, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং মাল্টিমিডিয়া সাংবাদিকতার কার্যকর ও নৈতিক ব্যবহারে দক্ষ করে তোলা। পাশাপাশি এআই ব্যবহারের সুযোগ, সীমাবদ্ধতা, চ্যালেঞ্জ এবং সেগুলো মোকাবিলার কৌশল সম্পর্কেও অংশগ্রহণকারীদের জ্ঞান সমৃদ্ধ করা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নেত্রকোনার জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান, পুলিশ সুপার তরিকুল ইসলাম, দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আহমেদ সাদাত, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমির পরিচালক অঞ্জন কুমার চিছাম এবং প্রশিক্ষক আলী আকবর। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পিআইবির প্রশিক্ষক সাহানোয়ার সাইদ শাহীন।
সাংবাদিকদের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারে দক্ষ করে তোলা এবং ভুয়া তথ্য শনাক্তে সক্ষমতা বাড়ানোর লক্ষ্যে আয়োজিত তিন দিনব্যাপী ‘এআই ও ফ্যাক্ট চেকিং’ বিষয়ক এই প্রশিক্ষণ কর্মশালায় দুর্গাপুর উপজেলার প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের ৩৫ জন সাংবাদিক অংশ নিয়েছেন। আগামী ২৪ জুলাই অংশগ্রহণকারীদের মধ্যে সনদপত্র বিতরণের মাধ্যমে প্রশিক্ষণ কর্মসূচির সমাপ্তি হবে।