মুন্সীগঞ্জ প্রতিনিধি
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন মামলার আসামি আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের পাঁচ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে টঙ্গীবাড়ী থানা পুলিশ।
বৃহস্পতিবার (১৬ জুলাই) রাতভর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—বলই গ্রামের শাহজাহান খান সাজু (৪৮), নশংকর গ্রামের মন্টু শেখ (৪২), মধ্য পাইকপাড়া গ্রামের করিম বেপারী (৫২), দক্ষিণ বেতকা গ্রামের শুভ বাগজা (২৮) এবং চাষিরী গ্রামের মোহাম্মদ আলী (৪৬)।
পুলিশ জানায়, শাহজাহান খান সাজু মুন্সীগঞ্জ সদর থানায় দায়ের করা হত্যা চেষ্টা ও বিস্ফোরক আইনের একটি মামলার এজাহারভুক্ত আসামি। এছাড়া মন্টু শেখও হত্যা, হত্যা চেষ্টা ও বিস্ফোরক আইনের আরেকটি মামলার আসামি।
অপর গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে করিম বেপারী আব্দুল্লাহপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক, শুভ বাগজা বেতকা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি এবং মোহাম্মদ আলী আউটশাহী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে পরিচিত।
টঙ্গীবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শামীম আহাম্মেদ বলেন, গ্রেপ্তারকৃতদের মধ্যে দুইজন মুন্সীগঞ্জ সদর থানার মামলার আসামি হওয়ায় তাদের সেখানে হস্তান্তর করা হয়েছে। বাকি তিনজনকে টঙ্গীবাড়ী থানার মামলায় শুক্রবার (১৭ জুলাই) মুন্সীগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।