শাহরিয়ার আহমেদ শাওনঃহবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী জিউর আখড়ায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শ্রীশ্রী জগন্নাথ দেবের পবিত্র রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
রথযাত্রা উপলক্ষে সকাল থেকেই ভক্তবৃন্দ, দর্শনার্থী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ব্যাপক উপস্থিতিতে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে। অনুষ্ঠানে সামাজিক, রাজনৈতিক ও সুধী সমাজের বিভিন্ন ব্যক্তিবর্গ উপস্থিত থেকে উৎসবের আনন্দ ভাগাভাগি করেন।
রথযাত্রাকে ঘিরে জিউর আখড়া ও আশপাশের এলাকায় বসে নানা ধরনের অস্থায়ী দোকানপাট ও গ্রামীণ মেলা। শিশু-কিশোর থেকে শুরু করে সব বয়সী মানুষের পদচারণায় মেলা প্রাণবন্ত হয়ে ওঠে। মেলায় গ্রামীণ ঐতিহ্যের বিভিন্ন পণ্য, খেলনা, মিষ্টান্ন ও স্থানীয়ভাবে পরিচিত চিয়া গাইল, পাঠা পুতাইলসহ নানা ধরনের ঐতিহ্যবাহী খাবার ও সামগ্রীর দোকান দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করে।
ধর্মীয় আচার-অনুষ্ঠানের পাশাপাশি গ্রামীণ ঐতিহ্য ও সম্প্রীতির অনন্য মিলনমেলায় পরিণত হয় এবারের রথযাত্রা। শান্তিপূর্ণ পরিবেশে উৎসবটি সম্পন্ন হওয়ায় আয়োজক ও স্থানীয়রা সন্তোষ প্রকাশ করেন।