ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাতীয় ছাত্রশক্তির উদ্যোগে আয়োজিত ‘স্মরণগাঁথায় জুলাই: বিপ্লবের দিনগুলি’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান দীর্ঘ সময় বিদ্যুৎবিহীন অবস্থায় অনুষ্ঠিত হয়েছে বলে অভিযোগ করেছেন সংগঠনটির নেতারা। এ ঘটনায় সামাজিক বিজ্ঞান অনুষদের ডিনের কাছে ব্যাখ্যা চান অনুষ্ঠানের প্রধান অতিথি ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। একই সঙ্গে তিনি ডিনের পদত্যাগও দাবি করেন। এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে সামাজিক বিজ্ঞান অনুষদ কর্তৃপক্ষের দাবি, ঘটনাটি ছিল স্বাভাবিক বিদ্যুৎবিভ্রাট।
বুধবার (১৫ জুলাই) বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের মোজাফফর আহমেদ চৌধুরী অডিটোরিয়ামে এ ঘটনা ঘটে।
জাতীয় ছাত্রশক্তির অভিযোগ, একই সময়ে ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) প্রাঙ্গণে জাতীয়তাবাদী ছাত্রদলের অনুষ্ঠান নির্বিঘ্নে চললেও তাদের কর্মসূচির ভেন্যুতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রাখা হয়, যা তারা পরিকল্পিত ও উদ্দেশ্যপ্রণোদিত বলে মনে করছেন।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এবং প্রধান আলোচক ছিলেন দলের সদস্য সচিব আখতার হোসেন।
জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসিন হল শাখার আহ্বায়ক সাইদুর রহমান শাহিদ জানান, বিকেল ৩টায় অনুষ্ঠান শুরু হওয়ার কথা থাকলেও দুপুর ২টা থেকেই অডিটোরিয়ামে বিদ্যুৎ ছিল না। বিষয়টি জানিয়ে তারা অনুষদের ডিন, প্রধান প্রকৌশলীসহ সংশ্লিষ্টদের সঙ্গে একাধিকবার যোগাযোগ করেন। প্রথমে ফিউজ পুড়ে যাওয়ার কথা বলা হয়, পরে জানানো হয় দীর্ঘ সময় চলার কারণে জেনারেটর স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে গেছে। তবে একই সময়ে টিএসসিতে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক ছিল বলে দাবি করেন তিনি।
তিনি আরও বলেন, পরিস্থিতির কারণে অনুষ্ঠানটি আধুনিক ভাষা ইনস্টিটিউট (আইএমএল) অডিটোরিয়ামে স্থানান্তরের চেষ্টা করা হয়। প্রথমে সেখানে বিদ্যুৎ থাকলেও বুকিংয়ের কথা জানানো হলে পরে বলা হয় সেখানেও বিদ্যুৎ নেই। একই ধরনের পরিস্থিতির মুখোমুখি হতে হয় কলাভবনেও।
সাইদুর রহমান শাহিদের ভাষ্য, প্রধান অতিথি নাহিদ ইসলাম উপস্থিত হওয়ার পরও বিদ্যুৎ না ফেরায় মোবাইল ফোনের আলো জ্বালিয়ে অনুষ্ঠান চালিয়ে যেতে হয়। তিনি দাবি করেন, ডিনের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময়ের কয়েক মিনিট পরই রহস্যজনকভাবে বিদ্যুৎ ফিরে আসে। এ কারণে পুরো ঘটনাকে তারা পরিকল্পিত বলে সন্দেহ করছেন।
অনুষ্ঠান শুরুর আগে বিদ্যুৎবিভ্রাট নিয়ে ক্ষোভ প্রকাশ করেন নাহিদ ইসলাম। সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক মোহাম্মদ মঈনুল ইসলামের উদ্দেশে তিনি বলেন, একটি সক্রিয় ছাত্রসংগঠনের কর্মসূচি দেড় ঘণ্টার বেশি সময় বিদ্যুৎবিহীন থাকা প্রশাসনের দায়িত্ব পালনে ব্যর্থতার পরিচয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো প্রতিষ্ঠানে এমন পরিস্থিতি গ্রহণযোগ্য নয় বলেও মন্তব্য করেন তিনি। এ সময় তিনি ডিনের পদত্যাগ দাবি করেন।