স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, আগামী ৫ আগস্ট ‘জুলাই স্মৃতি জাদুঘর’ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান জাদুঘরটির উদ্বোধন করবেন এবং উদ্বোধনের দিন থেকেই এটি সাধারণ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।
মঙ্গলবার (১৪ জুলাই) বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের বক্তব্যের জবাবে তিনি এ তথ্য জানান।
এর আগে ডা. শফিকুর রহমান বলেন, জুলাই মাসেই জাদুঘরটি জনগণের জন্য খুলে দেওয়া উচিত। তার মতে, কিছু নির্মাণ বা সংস্কারকাজ বাকি থাকলেও তা চলমান রেখেই জাদুঘর পরিচালনা করা সম্ভব। তিনি আরও জানান, প্রধানমন্ত্রী উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রণ জানালে তিনি এবং তার দল সেখানে অংশগ্রহণ করবেন।
এদিকে সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেন, আগামী ৫ আগস্টের মধ্যে ‘জুলাই স্মৃতি জাদুঘর’ উদ্বোধনের সব প্রস্তুতি প্রায় সম্পন্ন হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নির্ধারিত সময়ের মধ্যেই উদ্বোধনের জন্য প্রয়োজনীয় কাজ শেষ করতে কাজ করছে।
জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণ এবং নতুন প্রজন্মের কাছে সেই ইতিহাস তুলে ধরার উদ্দেশ্যে জাদুঘরটি প্রতিষ্ঠা করা হচ্ছে। উদ্বোধনের পর এটি সাধারণ মানুষের জন্য উন্মুক্ত থাকবে বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে।