শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগের দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন আন্দোলনরত এইচএসসি পরীক্ষার্থীরা। বুধবার (১৫ জুলাই) সন্ধ্যা ৬টা থেকে প্রায় দেড় ঘণ্টা গুরুত্বপূর্ণ এই সড়ক অবরোধের পর তারা রাত ১০টার মধ্যে শিক্ষামন্ত্রীর পদত্যাগের আলটিমেটাম দিয়ে কর্মসূচি স্থগিত ঘোষণা করেন।
আন্দোলনকারী শিক্ষার্থীদের পক্ষে ধানমন্ডি আইডিয়াল কলেজের শিক্ষার্থী রাহাত আহমেদ জানান, সাধারণ মানুষের ভোগান্তির কথা বিবেচনা করে তারা আপাতত সড়ক ছেড়ে দিচ্ছেন। তবে রাত ১০টার মধ্যে শিক্ষামন্ত্রী পদত্যাগ না করলে বৃহস্পতিবার সকাল ১০টায় রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি মোড় থেকে ‘লং মার্চ টু সচিবালয়’ কর্মসূচি পালন করা হবে।
এর আগে শিক্ষার্থীরা সায়েন্সল্যাব এলাকা থেকে শিক্ষা ভবনের উদ্দেশে মিছিল নিয়ে গেলে সেখানে পুলিশি ব্যারিকেডের মুখে পড়ে অবস্থান কর্মসূচি পালন করেন। পরে তারা শাহবাগে গিয়ে সড়ক অবরোধ করেন।
আন্দোলনকারীদের অভিযোগ, বৈরী আবহাওয়ার মধ্যেও এইচএসসি পরীক্ষা নেওয়া, বিভিন্ন বিষয়ের প্রশ্নপত্রে ভুল এবং পরীক্ষা ব্যবস্থাপনায় অনিয়মের কারণে শিক্ষার্থীরা চরম ভোগান্তির শিকার হয়েছেন। এসব ঘটনার দায় নিয়ে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি করেন তারা। কর্মসূচি শেষে শিক্ষার্থীরা সড়ক ছেড়ে দিলে শাহবাগ এলাকায় যান চলাচল স্বাভাবিক হয়ে আসে।