এইচএসসি পরীক্ষার্থীদের আন্দোলনে এক শিক্ষার্থীর অংশগ্রহণকে কেন্দ্র করে বগুড়া জেলা বিএনপির সদস্য ও শহর বিএনপির ৯ নম্বর ওয়ার্ডের সাবেক সাধারণ সম্পাদক ফারুক হোসেনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
মঙ্গলবার (১৪ জুলাই) রাতে বগুড়া মহানগর বিএনপির এক বিজ্ঞপ্তিতে তার প্রাথমিক সদস্যপদসহ সব সাংগঠনিক পদ থেকে বহিষ্কারের সিদ্ধান্ত জানানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি।
দলীয় সূত্রে জানা গেছে, ফারুক হোসেনের ছেলে সিফাত হোসেন সরকারি শাহ সুলতান কলেজের শিক্ষার্থী। এইচএসসি পরীক্ষা স্থগিতের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনে অংশ নিয়ে তিনি শহরের সাতমাথা এলাকায় সড়ক অবরোধ কর্মসূচিতে ছিলেন।
এ সময় পুলিশের সঙ্গে তার বাকবিতণ্ডার ঘটনাও ঘটে। পরে বিএনপির কয়েকজন নেতা ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করলে অবরোধ তুলে নেওয়া হয়।
বহিষ্কারের পর ফারুক হোসেন দাবি করেন, তাকে কোনো কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়নি। তার অভিযোগ, ছেলের আন্দোলনে অংশগ্রহণকে অজুহাত হিসেবে ব্যবহার করে রাজনৈতিক উদ্দেশ্যে তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
তিনি আরও বলেন, দলের অনেক নেতার পরিবারের সদস্য ভিন্ন রাজনৈতিক মতাদর্শের সঙ্গে যুক্ত থাকলেও তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। একই সঙ্গে আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে কাউন্সিলর পদে প্রার্থী হওয়ার কারণেও পরিকল্পিতভাবে তাকে বহিষ্কার করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। তবে বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, দলীয় সিদ্ধান্ত অনুযায়ীই এ ব্যবস্থা নেওয়া হয়েছে।