মোঃআতেফ ভূঁইয়া গাজীপুর সদর প্রতিনিধি:
গাজীপুর প্রতিনিধি: গাজীপুর মহানগরীর সদর থানাধীন পাজুলিয়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে দুটি অবৈধ বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন, ১০ রাউন্ড গুলি এবং একটি নম্বরপ্লেটবিহীন মোটরসাইকেলসহ দুইজনকে গ্রেপ্তার করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি)।
মঙ্গলবার (১৪ জুলাই) সন্ধ্যা আনুমানিক ৬টা ২৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলাম এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) মেহেদী হাসানের নেতৃত্বে সদর থানার একাধিক চৌকস কর্মকর্তার সমন্বয়ে পরিচালিত অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।
জিএমপি সূত্রে জানা যায়, অভিযানে গ্রেপ্তারকৃতদের কাছ থেকে দুটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন, ১০ রাউন্ড পিস্তলের গুলি এবং একটি লাল রঙের TVS 4V 160cc মোটরসাইকেল জব্দ করা হয়েছে। মোটরসাইকেলটির কোনো নিবন্ধন নম্বরপ্লেট ছিল না।
এ ঘটনায় গ্রেপ্তার দুই আসামির বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এ বিষয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মোহাম্মদ বেলায়েত হোসেন প্রেস ব্রিফিংয়ে জানান, পুলিশ কমিশনার মো. ইসরাইল হাওলাদারের নির্দেশনায় মহানগর এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ দমন এবং জননিরাপত্তা নিশ্চিত করতে জিএমপির বিশেষ অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে।
তিনি আরও বলেন, গাজীপুর মহানগরে আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে জিএমপির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।