শিক্ষামন্ত্রীকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ‘ব্রয়লার মুরগি’ মন্তব্য নিয়ে ব্যাখ্যা দিয়েছেন ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির। তিনি দাবি করেছেন, শিক্ষামন্ত্রী পরীক্ষার্থীদের নয়, নিজের মেয়েকেই উদ্দেশ্য করে ওই মন্তব্য করেছিলেন।
মঙ্গলবার (১৪ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত এইচএসসি পরীক্ষার্থীদের সঙ্গে কথা বলার সময় নাছির এ কথা বলেন।
তিনি বলেন, বৃষ্টিতে ভিজলেই অসুস্থ হয়ে পড়ার প্রসঙ্গে শিক্ষামন্ত্রী নিজের মেয়ের উদাহরণ দিয়েছিলেন। বিষয়টি ভুলভাবে উপস্থাপিত হওয়ায় শিক্ষার্থীদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে।
নাছির উদ্দিন নাছির বন্যা পরিস্থিতিতে এইচএসসি পরীক্ষা সাময়িক স্থগিতের দাবির প্রতিও সমর্থন জানান। তিনি বলেন, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা স্থগিত করা হলে একই ধরনের দুর্যোগে ক্ষতিগ্রস্ত অন্যান্য অঞ্চলের পরীক্ষার্থীদের বিষয়েও সরকারকে সমানভাবে বিবেচনা করা উচিত।
উল্লেখ্য, সম্প্রতি এক এইচএসসি পরীক্ষার্থীর সঙ্গে শিক্ষামন্ত্রীর ফোনালাপের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। সেখানে ‘ফার্মের মুরগি’ প্রসঙ্গ নিয়ে শিক্ষার্থীদের অবমাননা করা হয়েছে— এমন অভিযোগ ওঠে। তবে শিক্ষামন্ত্রী দাবি করেছেন, তিনি পরীক্ষার্থীদের নয়, নিজের মেয়েকে উদাহরণ দিয়েই মন্তব্যটি করেছিলেন।