চট্টগ্রাম নগরীতে একটি ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও অর্থ লুটের ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
মঙ্গলবার (১৪ জুলাই) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তিনি লেখেন, ‘চট্টগ্রাম নগরীতে এক ইন্টারনেট ব্যবসায়ীর প্রতিষ্ঠানে ঢুকে তাণ্ডব চালানো দুর্বৃত্তদের সামাজিক ও রাজনৈতিক পরিচয় থাকলে তা প্রকাশ করুন। তাদের পাকড়াও করে আইনের আওতায় আনুন। জানি না, কঠিন শাস্তির বিধান হবে কি না। লক্ষণ খুব ভালো নয়। জনগণকেই এখন নিজেদের আত্মরক্ষার জন্য সব ধরনের ব্যবস্থা নিতে হবে। কারণ সরকার কোনো কার্যকর নিরাপত্তা দিতে পারছে না। একের পর এক অভিনব ঘটনা ঘটেই চলছে। এদের খুঁটির জোর কোথায়?
এর আগে সোমবার (১৩ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে নগরের চকবাজার থানার চন্দনপুরা–বাকলিয়া সড়কে অবস্থিত ডিজিটাল ডট নেট (ডিডিএন) কার্যালয়ে একদল দুর্বৃত্ত হামলা চালায় বলে অভিযোগ ওঠে। প্রতিষ্ঠানের পক্ষ থেকে দাবি করা হয়, হামলাকারীরা এর আগে দুই কোটি টাকা চাঁদা দাবি করেছিল। দাবি পূরণ না হওয়ায় তারা কার্যালয়ে ভাঙচুর চালিয়ে প্রায় ৩৫ লাখ টাকা লুট করে এবং প্রতিষ্ঠানের মালিককে হুমকি দেয়।
এ ঘটনায় পুলিশ জানিয়েছে, বিদেশে পলাতক সন্ত্রাসী সাজ্জাদ আলীর অনুসারীরা হামলার সঙ্গে জড়িত থাকতে পারে। তাদের শনাক্ত করে গ্রেপ্তারের লক্ষ্যে অভিযান চলছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।