দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও এইচএসসি ও সমমানের পরীক্ষা নেওয়া এবং পরীক্ষার্থীদের ‘ফার্মের মুরগি’ বলে মন্তব্য করার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্ষোভ করেছেন পরীক্ষার্থীরা।
মঙ্গলবার (১৪ জুলাই) সকাল ১১টার দিকে পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর উত্তরা বিএনএস সেন্টার, সায়েন্সল্যাব মোড়সহ কয়েকটি গুরুত্বপূর্ণ সড়কে অবস্থান নিয়ে অবরোধ কর্মসূচি পালন করেন তারা। এ সময় শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দিয়ে তাদের দাবির পক্ষে প্রতিবাদ জানান।
বিক্ষোভকারী পরীক্ষার্থীদের দাবি, বৈরী আবহাওয়ার মধ্যে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্তে অনেক শিক্ষার্থী চরম দুর্ভোগের শিকার হয়েছেন। পাশাপাশি পরীক্ষার্থীদের নিয়ে করা কথিত অবমাননাকর মন্তব্য তাদের মধ্যে ক্ষোভ সৃষ্টি করেছে। এসব ঘটনার দায় নিয়ে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি করেন তারা।
এর আগে রাজধানীর শাহবাগ, সায়েন্সল্যাব, মিরপুরসহ বিভিন্ন এলাকায় একই দাবিতে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়েছিল। একই সঙ্গে রাজশাহী, বরিশাল, কুমিল্লা ও চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সামনেও কর্মসূচি পালনের কথা জানানো হয়।
তবে বেলা সাড়ে ১১টা পর্যন্ত রাজধানীর উত্তরা ও সায়েন্সল্যাব ছাড়া অন্য এলাকায় একই ধরনের বিক্ষোভের কোনো তথ্য পাওয়া যায়নি।