বাংলাদেশি নাগরিকদের জন্য অভিবাসী (ইমিগ্র্যান্ট) ভিসা প্রদান সাময়িকভাবে স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। চলতি বছরের ২১ জানুয়ারি থেকে এ সিদ্ধান্ত কার্যকর হয়েছে।
শনিবার (১১ জুলাই) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে ঢাকায় মার্কিন দূতাবাস জানায়, যুক্তরাষ্ট্রের করদাতাদের স্বার্থ রক্ষার অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। দূতাবাসের ভাষ্য অনুযায়ী, অভিবাসীরা যাতে অবৈধভাবে সরকারি কল্যাণমূলক সুবিধা গ্রহণ না করেন বা সরকারি সহায়তার ওপর নির্ভরশীল হয়ে না পড়েন, তা নিশ্চিত করাই এ সিদ্ধান্তের উদ্দেশ্য।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২১ জানুয়ারি থেকে বাংলাদেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা ইস্যু স্থগিত রয়েছে। এ সময়ে যুক্তরাষ্ট্রের যাচাই-বাছাই ও নিরাপত্তা সংক্রান্ত নীতিমালা পর্যালোচনা করা হবে, যাতে তা যুক্তরাষ্ট্রের স্বার্থকে অগ্রাধিকার দেয়।
তবে এই স্থগিতাদেশ শুধুমাত্র অভিবাসী ভিসার ক্ষেত্রে প্রযোজ্য। পর্যটন, ব্যবসা, শিক্ষার্থীসহ অন্যান্য অ-অভিবাসী (নন-ইমিগ্র্যান্ট) ভিসা এর আওতায় পড়ছে না।