জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ঘোষিত মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘জুলাই পদযাত্রা’ শুরু হচ্ছে আজ সোমবার (৬ জুলাই)। কর্মসূচির উদ্বোধনী আয়োজনে অংশ নিতে দলটির আহ্বায়ক নাহিদ ইসলামসহ কেন্দ্রীয় নেতারা গাজীপুরের কালীগঞ্জে যাচ্ছেন।
এ উপলক্ষে সোমবার বিকেল ৪টায় কালীগঞ্জ বাসস্ট্যান্ডে ‘জুলাই বিপ্লবীদের মহাসমাবেশ’ অনুষ্ঠিত হবে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলের সদস্য সচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ, কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক আলী নাছের খান, গাজীপুর জেলা এনসিপির আহ্বায়ক এম এম শোয়াইব, গাজীপুর মহানগর এনসিপির সদস্য সচিব আব্দুল্লাহ আল মুহিম, গাজীপুর জেলা এনসিপির সদস্য সচিব খন্দকার আল আমীন এবং জেলা ছাত্রশক্তির আহ্বায়ক বশির আহমেদ অপুসহ দল ও সহযোগী সংগঠনের কেন্দ্রীয়, মহানগর ও জেলা পর্যায়ের নেতারা।
এদিকে, এনসিপির শীর্ষ নেতাদের আগমনকে কেন্দ্র করে কালীগঞ্জে দলটির স্থানীয় নেতাকর্মীরা প্রস্তুতি সম্পন্ন করছেন। আয়োজকরা জানিয়েছেন, দেশব্যাপী ‘জুলাই পদযাত্রা’র উদ্বোধনী সমাবেশ সফল করতে সর্বস্তরের জনগণকে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।