জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম দাবি করেছেন, কোনো ধরনের টালবাহানা ছাড়াই আগামী ৫ আগস্টের মধ্যে ‘জুলাই স্মৃতি জাদুঘর’ জনসাধারণের জন্য খুলে দিতে হবে।
রোববার (৫ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ দাবি জানান। একই পোস্টে তিনি লেখেন, “বিএনপির কথার সঙ্গে কাজের মিল দেখতে চাই।”
এর আগে, রাজধানীর রায়েরবাজারে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের গণকবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামও ৫ আগস্টের মধ্যে জাদুঘর উদ্বোধনের আহ্বান জানান। তিনি বলেন, নির্ধারিত সময়ের মধ্যে জাদুঘর খুলে না দিলে জনগণ নিজেরাই সেখানে প্রবেশ করবে।
এদিকে, জুলাই রেভল্যুশনারি অ্যালায়েন্স ও শহীদ পরিবারও দ্রুত জাদুঘর চালুর দাবি জানিয়েছে। তাদের অভিযোগ, আমলাতান্ত্রিক জটিলতার কারণে জাদুঘরের কার্যক্রম বিলম্বিত হচ্ছে। সংগঠনটির দাবি, জাতীয় সংসদে পাস হওয়া আইন অনুযায়ী যোগ্যতার ভিত্তিতে নিয়োগ সম্পন্ন করে জাদুঘর পরিচালনা করতে হবে এবং কোনো প্রশাসনিক জটিলতার মাধ্যমে এর কার্যক্রম বাধাগ্রস্ত করা যাবে না।
উল্লেখ্য, অন্তর্বর্তী সরকারের সময়ে একাধিকবার উদ্বোধনের ঘোষণা দেওয়া হলেও এখনো ‘জুলাই স্মৃতি জাদুঘর’ জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়নি। এ পরিস্থিতিতে নির্ধারিত সময়ের মধ্যে জাদুঘর চালুর দাবিতে রাজনৈতিক দল ও সংশ্লিষ্ট সংগঠনগুলোর চাপ বাড়ছে।