বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, মিডিয়া শক্তিশালী হলে গণতন্ত্রও শক্তিশালী হয়। তিনি সাংবাদিকদের বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতা চর্চার আহ্বান জানান।
শুক্রবার (৩ জুলাই) দুপুরে ঠাকুরগাঁও প্রেসক্লাবের আনিসুল হক মিলনায়তনে নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, সাংবাদিকদের নির্ভয়ে সত্য তুলে ধরতে হবে। ভালো কাজের স্বীকৃতি দেওয়া এবং অন্যায়-অনিয়মের সমালোচনা করা সাংবাদিকতার গুরুত্বপূর্ণ দায়িত্ব।
তিনি আরও বলেন, “সাদাকে সাদা এবং কালোকে কালো বলার সাহসই সাংবাদিকতার মূল শক্তি।” রাজনীতিবিদদের ভুল-ত্রুটি তুলে ধরে জনগণকে সঠিক তথ্য জানানো গণমাধ্যমের দায়িত্ব বলেও তিনি উল্লেখ করেন।
বিএনপি মহাসচিব বলেন, রাজনীতিবিদরা সমালোচনার ঊর্ধ্বে নন। জনগণের প্রত্যাশা পূরণে কাজ করতে গিয়ে ভুল হতে পারে, আর সেই ভুল তুলে ধরা ও জবাবদিহিতা নিশ্চিত করা গণমাধ্যমের দায়িত্ব। তিনি বলেন, সত্য সংবাদ প্রকাশের কারণে অনেক সময় সাংবাদিকরা হামলা ও হয়রানির শিকার হন, যা অত্যন্ত উদ্বেগজনক।
তিনি আরও বলেন, একটি দেশের গণতন্ত্রের সাফল্য অনেকাংশে নির্ভর করে স্বাধীন, দায়িত্বশীল ও শক্তিশালী গণমাধ্যমের ওপর। তাই সংবাদমাধ্যমের স্বাধীনভাবে কাজ করার পরিবেশ নিশ্চিত করা জরুরি।
সরকারের উন্নয়ন কার্যক্রমের প্রসঙ্গ তুলে তিনি বলেন, ঠাকুরগাঁওয়ে দুটি নতুন উপজেলা অনুমোদন দেওয়া হয়েছে এবং এ বিষয়ে কার্যক্রম শুরু হয়েছে। পাশাপাশি অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি দক্ষ, সৎ ও দায়িত্বশীল নেতৃত্ব গড়ে তোলার ওপর গুরুত্ব দেন তিনি।
সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ব্যক্তি নয়, কাজকে মূল্যায়ন করতে হবে। ভালো কাজের স্বীকৃতির পাশাপাশি অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে নির্ভয়ে সংবাদ প্রকাশ করতে হবে।
অনুষ্ঠানের শেষে তিনি ঠাকুরগাঁও প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে আশা প্রকাশ করেন, তারা বস্তুনিষ্ঠ ও পেশাদার সাংবাদিকতার মাধ্যমে গণমানুষের আস্থা আরও সুদৃঢ় করবেন।
অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক, পুলিশ সুপার বেলাল হোসেন, জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমিন, সাধারণ সম্পাদক পয়গাম আলী এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।