সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গ ও গুরুতর অসদাচরণের অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঢাকা মহানগর দক্ষিণ আহ্বায়ক কমিটির সদস্যসচিব এস. এম. শাহরিয়ারকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে দল। পাশাপাশি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাঁর সাংগঠনিক কার্যক্রমও স্থগিত রাখা হয়েছে।
শুক্রবার রাতে এনসিপির দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনা স্বাক্ষরিত কারণ দর্শানোর নোটিশটি দলের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশ করা হয়।
নোটিশে বলা হয়, এস. এম. শাহরিয়ারের বিরুদ্ধে উত্থাপিত সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গ ও গুরুতর অসদাচরণের অভিযোগগুলো অত্যন্ত গুরুতর এবং সেগুলো দলীয় শৃঙ্খলা, ভাবমূর্তি ও আদর্শের পরিপন্থী।
এতে তাঁকে নোটিশ পাওয়ার তারিখ থেকে দুই কার্যদিবসের মধ্যে কেন্দ্রীয় শৃঙ্খলা কমিটির প্রধানের কাছে লিখিত ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে অভিযোগের পরিপ্রেক্ষিতে কেন তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না, সে বিষয়ে কারণ দর্শাতে বলা হয়েছে।
নোটিশে আরও উল্লেখ করা হয়, পরবর্তী সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত তাঁর সব ধরনের সাংগঠনিক কার্যক্রম স্থগিত থাকবে।
সম্প্রতি এস. এম. শাহরিয়ারসহ এনসিপির কয়েকজন নেতার বিরুদ্ধে রাজধানীর একটি হোটেলের প্রায় ১২ লাখ টাকা ভাড়া পরিশোধ না করার অভিযোগ ওঠে। অভিযোগে আরও বলা হয়, তাঁরা প্রায় আট মাস ধরে হোটেলটির দুটি কক্ষ ভাড়া নিয়ে সেখানে বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডে জড়িত ছিলেন।
তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট নেতাদের বক্তব্য বা ব্যাখ্যা তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।