ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন এমপি বলেছেন, গ্রামের মানুষের জীবনমান ও ভাগ্যের উন্নয়ন নিশ্চিত করতে না পারলে দেশের প্রকৃত উন্নয়ন সম্ভব নয়।
তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সবসময় প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছিলেন এবং সেই আদর্শ অনুসরণ করেই বর্তমান উন্নয়ন কার্যক্রম পরিচালিত হচ্ছে।
বৃহস্পতিবার চট্টগ্রামের হাটহাজারীতে চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) রিসার্চ অ্যান্ড ফার্ম বেইজড ক্যাম্পাসে জিয়াউর রহমান ফাউন্ডেশনের আয়োজিত মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি ও চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় ব্যাপক বৃক্ষরোপণের বিকল্প নেই। তিনি জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আগামী পাঁচ বছরে ২৫ কোটি চারা রোপণের কর্মসূচি নেওয়া হয়েছে। তবে শুধু চারা রোপণ করলেই হবে না, সেগুলোর যথাযথ পরিচর্যাও নিশ্চিত করতে হবে।
তিনি আরও বলেন, জিয়াউর রহমান ফাউন্ডেশন সাধারণ মানুষের আর্থ-সামাজিক উন্নয়ন এবং মানবিক কার্যক্রম বাস্তবায়নে কাজ করে যাচ্ছে। অনুষ্ঠানে সিভাসুর উপাচার্য, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, শিক্ষক, গবেষক, স্থানীয় জনপ্রতিনিধি এবং বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।