পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য মাসুদ সাঈদী বলেছেন, জুলাই কেবল একটি মাসের নাম নয়, এটি গণতন্ত্র, আত্মত্যাগ, প্রতিরোধ এবং বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকারের প্রতীক।
বুধবার রাজধানীর একটি অডিটরিয়ামে জিয়ানগর নাগরিক ফোরাম আয়োজিত ‘জুলাই: বৈষম্যহীন বাংলাদেশ গড়ার শপথের মাস’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
মাসুদ সাঈদী বলেন, জুলাইয়ের চেতনা হঠাৎ সৃষ্টি হয়নি। দীর্ঘদিন ধরে বিরোধী রাজনৈতিক দলগুলোর আন্দোলন, গ্রেপ্তার, গুম, নির্যাতন, রাজনৈতিক মামলা এবং বিভিন্ন ঘটনার মধ্য দিয়ে এই চেতনার বিকাশ ঘটেছে।
তিনি পিলখানা ট্র্যাজেডি, শাপলা চত্বরের ঘটনা এবং রাজনৈতিক দমন-পীড়নের প্রসঙ্গ তুলে ধরে বলেন, এসব আত্মত্যাগ জাতির ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।
তিনি দাবি করেন, তার বাবা আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে এবং জামায়াতে ইসলামীর পাঁচজন শীর্ষ নেতা ও বিএনপির একজন নেতার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। পাশাপাশি বিরোধী দলের বহু নেতাকর্মী গুম, খুন, নির্যাতন ও কারাবরণের শিকার হয়েছেন বলেও উল্লেখ করেন।
মাসুদ সাঈদী বলেন, জুলাই আন্দোলনের শহীদদের রক্ত ও আহতদের আত্মত্যাগের লক্ষ্য ছিল একটি ন্যায়ভিত্তিক, গণতান্ত্রিক ও বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠা করা। তিনি সতর্ক করে বলেন, জুলাইয়ের চেতনাকে ব্যক্তিগত বা রাজনৈতিক স্বার্থে ব্যবহার করলে জনগণ তা মেনে নেবে না।
দেশের শান্তি, গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় সব রাজনৈতিক দল ও নাগরিককে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বানও জানান তিনি।