ইসলামিক ফাউন্ডেশনের নতুন মহাপরিচালক (গ্রেড-১) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মুফতি মুহাম্মদ মুহিব্বুল্লাহিল বাকী নদভী। মঙ্গলবার (৩০ জুন) বিকেল ৩টায় তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।
তিনি ইসলামিক ফাউন্ডেশনের বিদায়ী মহাপরিচালক সিনিয়র জেলা ও দায়রা জজ আব্দুস ছালাম খানের স্থলাভিষিক্ত হলেন। বুধবার (১ জুলাই) ফাউন্ডেশনের জনসংযোগ কর্মকর্তা বিল্লাল বিন কাশেম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২১ মে জনপ্রশাসন মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনের মাধ্যমে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পেশ ইমাম মুফতি মুহিব্বুল্লাহিল বাকী নদভীকে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক হিসেবে নিয়োগ দেয়।
দায়িত্ব গ্রহণের পর আগারগাঁওয়ে ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়ে তিনি কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে পরিচিতি সভায় মিলিত হন।
পরিচিতি সভায় তিনি বলেন, ইসলামিক ফাউন্ডেশনকে আরও আধুনিক, সেবামুখী, স্বচ্ছ ও জবাবদিহিমূলক প্রতিষ্ঠানে রূপান্তর করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। তিনি প্রতিষ্ঠানের প্রতিটি স্তরে শৃঙ্খলা, সততা ও দায়িত্বশীলতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
তিনি আরও বলেন, প্রতিষ্ঠানটিকে জনগণের আস্থার জায়গায় পরিণত করতে নতুন কর্মপরিকল্পনা ও পারস্পরিক সহযোগিতা জরুরি।
অনুষ্ঠানে বিদায়ী মহাপরিচালক আব্দুস ছালাম খান ছাড়াও বিভিন্ন বিভাগের পরিচালক ও কর্মকর্তারা বক্তব্য রাখেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সমন্বয় বিভাগের পরিচালক মো. মহিউদ্দিন। এতে ইসলামিক ফাউন্ডেশনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।