ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শেখ পরিবারের নামে থাকা পাঁচটি স্থাপনার নাম পরিবর্তনের সিদ্ধান্ত চূড়ান্ত না হওয়ায় সিনেট অধিবেশন থেকে ওয়াকআউট করেছেন ডাকসুর পাঁচ নির্বাচিত প্রতিনিধি। সোমবার (২৯ জুন) রাত সোয়া ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের সিনেট অধিবেশন চলাকালে তারা এ কর্মসূচি পালন করেন।
ওয়াকআউটকারী প্রতিনিধিরা হলেন ডাকসুর ভিপি সাদিক কায়েম, জিএস এস এম ফরহাদ, এজিএস মুহাম্মদ মহিউদ্দিন, পরিবহন সম্পাদক আসিফ আব্দুল্লাহ এবং সদস্য সাবিকুন্নাহার তামান্না। এ সময় উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম তাদের অধিবেশন ত্যাগ না করার অনুরোধ জানান।
জানা যায়, শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে শেখ পরিবারের নামে থাকা পাঁচটি স্থাপনার নাম পরিবর্তনের প্রস্তাব সিন্ডিকেটে অনুমোদিত হয়ে সিনেটে আসে। তবে দীর্ঘ আলোচনার পর বিষয়টি চূড়ান্ত সিদ্ধান্ত না নিয়ে পুনরায় সিন্ডিকেটে পাঠানোর নির্দেশ দেন উপাচার্য।
এ সিদ্ধান্তের প্রতিবাদে ডাকসু প্রতিনিধিরা অধিবেশন ত্যাগ করে পরে এক বিবৃতিতে দাবি করেন, জুলাই গণঅভ্যুত্থানের চেতনার সঙ্গে সামঞ্জস্য রেখে ফ্যাসিবাদী আইকনদের নামে থাকা স্থাপনাগুলোর নাম পরিবর্তন সময়ের দাবি। তারা অভিযোগ করেন, প্রশাসন শিক্ষার্থীদের ন্যায্য দাবি উপেক্ষা করে অপ্রয়োজনীয় প্রশাসনিক জটিলতার সৃষ্টি করেছে।
ডাকসু নেতাদের ভাষ্য, এই ওয়াকআউট কোনো ব্যক্তিগত প্রতিবাদ নয়; বরং শিক্ষার্থীদের দাবি, জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা এবং ফ্যাসিবাদমুক্ত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পক্ষে তাদের নৈতিক অবস্থানের বহিঃপ্রকাশ।