আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, মাত্র ১ টাকা বরাদ্দ দিয়ে আইন ও বিচার বিভাগ পরিচালনা করা সম্ভব নয়। এমন পরিস্থিতি সৃষ্টি হলে দেশে কার্যকর বিচারব্যবস্থা থাকবে না, বরং রাষ্ট্র পুলিশনির্ভর ব্যবস্থায় পরিণত হবে।
মঙ্গলবার (৩০ জুন) জাতীয় সংসদে আইন ও বিচার বিভাগের বাজেটের ওপর আনা ছাঁটাই প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন। এ সময় তিনি তার মন্ত্রণালয়ের জন্য ২ হাজার ১৮৭ কোটি ৫৮ লাখ টাকা বরাদ্দ অনুমোদনের প্রস্তাব উপস্থাপন করেন।
বাজেট আলোচনায় বিরোধী দলের কয়েকজন সংসদ সদস্য প্রতীকীভাবে বরাদ্দ ১ টাকায় নামিয়ে আনার প্রস্তাব দেন এবং বিচার বিভাগের স্বাধীনতা, বিচারক সংকট, মামলাজট ও বরাদ্দের স্বল্পতা নিয়ে সমালোচনা করেন। তারা বিচার বিভাগের আধুনিকায়ন, পেপারলেস জুডিশিয়ারি এবং মামলাজট কমাতে কার্যকর উদ্যোগ নেওয়ারও দাবি জানান।
জবাবে আইনমন্ত্রী বলেন, বিরোধী সদস্যদের বক্তব্যে স্ববিরোধিতা রয়েছে। কেউ বরাদ্দ বেশি, আবার কেউ বরাদ্দ কম বলে একই ধরনের ছাঁটাই প্রস্তাব দিয়েছেন। তিনি বলেন, ১ টাকা দিয়ে বিচার বিভাগ পরিচালনার কোনো বাস্তবসম্মত বিকল্প পরিকল্পনা উপস্থাপন করা হয়নি।
মন্ত্রী আরও বলেন, বর্তমান বরাদ্দ প্রয়োজনের তুলনায় কম হলেও বিদ্যমান বাস্তবতায় এটিই কার্যকর। তাই বিচার বিভাগের কার্যক্রম সচল রাখতে মূল বাজেট অনুমোদনের আহ্বান জানান তিনি।