নাটোরের গুরুদাসপুর পৌরসভার ২০২৬–২৭ অর্থবছরের জন্য ৪৪ কোটি ২ লাখ ৯৫ হাজার টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। প্রস্তাবিত এ বাজেটে ব্যয় নির্বাহের পর ৯১ লাখ ৩০ হাজার ২০০ টাকা উদ্বৃত্ত রাখা হয়েছে।
সোমবার সকাল ১১টার দিকে গুরুদাসপুর পৌরসভা মিলনায়তনে আয়োজিত উন্মুক্ত বাজেট অধিবেশনে বাজেট ঘোষণা করেন পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহমিদা আফরোজ।
প্রস্তাবিত বাজেট অনুযায়ী, প্রারম্ভিক স্থিতিসহ রাজস্ব খাতে সম্ভাব্য আয় ধরা হয়েছে ৭ কোটি ২৭ লাখ ৭০ হাজার টাকা এবং উন্নয়ন খাতে ৩৬ কোটি ৭৫ লাখ ২৫ হাজার টাকা। দুই খাত মিলিয়ে মোট সম্ভাব্য আয় ৪৪ কোটি ২ লাখ ৯৫ হাজার টাকা।
রাজস্ব খাতে ব্যয় ধরা হয়েছে ৬ কোটি ১৫ লাখ ৯৪ হাজার ৮০০ টাকা এবং উন্নয়ন খাতে ৩৬ কোটি ৯৫ লাখ ৭০ হাজার টাকা। ফলে মোট ব্যয় দাঁড়িয়েছে ৪৩ কোটি ১১ লাখ ৬৪ হাজার ৮০০ টাকা। এতে বাজেটে ৯১ লাখ ৩০ হাজার ২০০ টাকা উদ্বৃত্ত থাকবে।
বাজেট উপস্থাপনকালে ফাহমিদা আফরোজ বলেন, নাগরিকদের মতামতকে গুরুত্ব দিয়ে স্বচ্ছ, জবাবদিহিমূলক ও জনকল্যাণমুখী পৌর প্রশাসন গড়ে তোলাই এ বাজেটের লক্ষ্য। নাগরিক সেবার মানোন্নয়ন, অবকাঠামো উন্নয়ন, পরিচ্ছন্নতা, ড্রেনেজ ব্যবস্থা, বিশুদ্ধ পানি সরবরাহ এবং টেকসই উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে এ বাজেট ভূমিকা রাখবে।
উন্মুক্ত বাজেট অধিবেশনে গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল আলম, রাজনৈতিক নেতৃবৃন্দ, পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, গণমাধ্যমকর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বাজেট ঘোষণার পর উপস্থিত ব্যক্তিরা বিভিন্ন উন্নয়নমূলক বিষয়ে মতামত ও পরামর্শ দেন।