প্রতি বছর বাজেটে নানা আশার কথা বলা হলেও শেষ পর্যন্ত সেই স্বপ্নভঙ্গের খেসারত সাধারণ মানুষকেই দিতে হয় বলে মন্তব্য করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা।
সোমবার (২৯ জুন) জাতীয় সংসদের বাজেট অধিবেশনে অর্থবিলের সংশোধনীর ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।
রুমিন ফারহানা বলেন, প্রস্তাবিত বাজেটে ব্যয় ধরা হয়েছে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা, আর আয় ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা। ফলে বাজেট ঘাটতি দাঁড়িয়েছে ২ লাখ ৪৩ হাজার কোটি টাকা। তবে বাস্তবে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা পূরণ না হওয়ায় প্রকৃত ঘাটতি আরও বেড়ে যায় এবং সরকারকে দেশি-বিদেশি ঋণ ও বিনিয়োগের ওপর নির্ভর করতে হয়।
প্রধানমন্ত্রীর সাম্প্রতিক চীন সফরের প্রসঙ্গ তুলে তিনি জানতে চান, ওই সফরে বাংলাদেশ কোনো ঋণ বা নতুন বিনিয়োগের প্রতিশ্রুতি পেয়েছে কি না। এ বিষয়ে সরকারকে স্পষ্ট তথ্য দেওয়ার আহ্বান জানান তিনি।
তিনি বলেন, পররাষ্ট্রমন্ত্রী এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের সরাসরি উত্তর দেননি। তবে দেশের বর্তমান অর্থনৈতিক বাস্তবতা বিবেচনায় সরকারকে স্বচ্ছ অবস্থান নেওয়া প্রয়োজন।
রুমিন ফারহানা আরও বলেন, গত চার বছর ধরে দেশ উচ্চ মূল্যস্ফীতি, মন্থর অর্থনৈতিক প্রবৃদ্ধি, বেসরকারি বিনিয়োগে স্থবিরতা, রাজস্ব আদায়ে ঘাটতি, খেলাপি ঋণ বৃদ্ধি, ব্যাংকিং খাতে তারল্য সংকট এবং জ্বালানি সরবরাহের সীমাবদ্ধতার মতো নানা অর্থনৈতিক চ্যালেঞ্জের মুখোমুখি রয়েছে।