২০২৪ সালের জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ৩৬ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।
‘জুলাইয়ের অঙ্গীকার, ইনসাফের বাংলাদেশ বিনির্মাণ’ প্রতিপাদ্যকে সামনে রেখে সোমবার (২৯ জুন) ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করা হয়।
সংবাদ সম্মেলনে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম লিখিত বক্তব্য পাঠ করেন। তিনি জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানে নিহত শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে হত্যাকাণ্ডের দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানান।
একই সঙ্গে তিনি বর্তমান সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করে ‘জুলাই জাতীয় সনদ’ বাস্তবায়ন, প্রশাসনিক সংস্কার এবং স্বাধীন বিচারব্যবস্থা নিশ্চিত করার আহ্বান জানান।
ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে দেশব্যাপী বিক্ষোভ মিছিল ও সমাবেশ, সেমিনার, সিম্পোজিয়াম, গবেষণা সম্মেলন, আলোকচিত্র ও ডকুমেন্টারি প্রদর্শনী, সাংস্কৃতিক অনুষ্ঠান, রচনা ও বিতর্ক প্রতিযোগিতা, শহীদদের নামে পাঠাগার স্থাপন, ক্রীড়া প্রতিযোগিতা, গ্রাফিতি অঙ্কন, শহীদ পরিবার ও আহতদের নিয়ে ‘লাল জুলাই’ পডকাস্ট এবং ‘Echoes of July’ শিরোনামে ৩৬ দিনব্যাপী অনলাইন প্রচারণা।
সংগঠনের নেতারা জানান, দেশের সব বিশ্ববিদ্যালয়, মহানগর ও জেলা শাখার তত্ত্বাবধানে এসব কর্মসূচি তৃণমূল পর্যায়ে বাস্তবায়ন করা হবে। পাশাপাশি জুলাই গণ-অভ্যুত্থানের চেতনা ধারণ করে বৈষম্যহীন বাংলাদেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়।