মুন্সিগঞ্জ প্রতিনিধি:
মুন্সিগঞ্জে তীব্র গরমে কৃষি জমিতে কাজ করার সময় হিট স্ট্রোকে আক্রান্ত হয়ে মোফাজ্জল বেপারী (৭০) নামে এক বৃদ্ধ কৃষকের মৃত্যু হয়েছে। রবিবার (২৮ জুন) দুপুরে মুন্সিগঞ্জ সদর উপজেলার মহাকালী ইউনিয়নের দক্ষিণ কেওয়ার গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত মোফাজ্জল বেপারী দক্ষিণ কেওয়ার গ্রামের স্থায়ী বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো তিনি দুপুরে কৃষি জমিতে কাজ করছিলেন। এ সময় প্রচণ্ড রোদ ও তীব্র গরমের মধ্যে হঠাৎ অসুস্থ হয়ে মাঠেই লুটিয়ে পড়েন। তার সঙ্গে কাজ করা অন্যান্য কৃষক দ্রুত এগিয়ে এসে তাকে উদ্ধারের চেষ্টা করেন।
সহকর্মী কৃষকদের ধারণা, অতিরিক্ত গরমের কারণে তিনি হিট স্ট্রোক বা সান স্ট্রোকে আক্রান্ত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করার আগেই ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ ঘটনায় দক্ষিণ কেওয়ার গ্রামসহ আশপাশের এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা জানান, চলমান তাপদাহে মাঠে কাজ করা অত্যন্ত কষ্টকর হয়ে উঠেছে। বিশেষ করে কৃষিশ্রমিক ও কৃষকেরা দীর্ঘ সময় খোলা আকাশের নিচে কাজ করায় স্বাস্থ্যঝুঁকি বাড়ছে।
এদিকে স্বাস্থ্য বিশেষজ্ঞরা তীব্র গরমে প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়া, খোলা রোদে দীর্ঘ সময় কাজ এড়িয়ে চলা, পর্যাপ্ত পানি পান করা এবং অসুস্থ বোধ করলে দ্রুত চিকিৎসা নেওয়ার পরামর্শ দিয়েছেন।