ইউনূস সেন্টারের আয়োজনে অনুষ্ঠিত ১৬তম ‘সোশ্যাল বিজনেস ডে’ আন্তর্জাতিক সম্মেলনে অতিথি হিসেবে অংশ নিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। সাভারে অনুষ্ঠিত দুই দিনব্যাপী এ সম্মেলনে তাকে পরিচয় করিয়ে দিতে গিয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেন, ‘নাহিদ ইসলাম কোনো ব্যক্তি নন, তিনি একটি ইতিহাস।’
রোববার (২৮ জুন) সম্মেলনের সমাপনী দিনে নাহিদ ইসলাম অনুষ্ঠানে যোগ দেন। এর আগে সম্মেলনের উদ্বোধন করেন ইউনূস সেন্টারের প্রতিষ্ঠাতা ড. মুহাম্মদ ইউনূস। এবারের আয়োজনে বিশ্বের ৩৭টি দেশের ২১৯ জন প্রতিনিধি অংশ নেন।
নাহিদ ইসলামকে পরিচয় করিয়ে দিতে গিয়ে ড. ইউনূস বলেন, ‘বিশ্ববিদ্যালয় থেকে সদ্য বের হওয়া এক শিক্ষার্থী একটি সরকারের পতনের নেতৃত্ব দিয়েছে। সেনাবাহিনী, পুলিশ কিংবা আধাসামরিক বাহিনীও সেই সরকারকে টিকিয়ে রাখতে পারেনি। ছাত্র-জনতার সেই আন্দোলনে প্রায় ১ হাজার ৪০০ মানুষ প্রাণ হারান। সেই গণঅভ্যুত্থানের সামনের সারির অন্যতম নেতা ছিলেন নাহিদ ইসলাম।’
সংক্ষিপ্ত বক্তব্যে নাহিদ ইসলাম বলেন, ড. ইউনূসের ক্ষুদ্রঋণ ও সামাজিক ব্যবসার ধারণা বিশ্বজুড়ে স্বীকৃত। তিনি বলেন, জুলাইয়ের গণঅভ্যুত্থানের পর দেশের সংকটময় সময়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিতে ড. ইউনূস সম্মত হন এবং আন্দোলনে অংশ নেওয়া তরুণদের অনুপ্রাণিত ও দিকনির্দেশনা দিয়েছেন।
বক্তব্যের শেষদিকে ড. ইউনূস বলেন, সরকার গঠনের সময় নাহিদ ইসলাম সেই সরকারের সদস্য ছিলেন। পরে তিনি দায়িত্ব ছেড়ে রাজনীতিতে সক্রিয় হন এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) গঠন করেন। তিনি আরও উল্লেখ করেন, সর্বশেষ জাতীয় নির্বাচনে এনসিপি ছয়টি আসনে জয়ী হয়েছে এবং দলটির সংরক্ষিত নারী আসনেও দুজন সদস্য রয়েছেন।