দ্য ডেইলি স্টার কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) কোতোয়ালী থানার প্রধান সমন্বয়ক আনোয়ার হোসেনকে দুই দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। রিমান্ড মঞ্জুরের পর আদালত প্রাঙ্গণে তিনি বিএনপির বিরুদ্ধে হামলা ও নির্যাতনের অভিযোগ তোলেন।
রোববার (২৮ জুন) মামলার তদন্ত কর্মকর্তা পাঁচ দিনের রিমান্ড আবেদন করলে শুনানি শেষে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
শুনানিতে আনোয়ারের আইনজীবী রিমান্ড বাতিল ও জামিনের আবেদন করে দাবি করেন, তার মক্কেল ঘটনাস্থলে থাকলেও হামলা বা ভাঙচুরে অংশ নেওয়ার কোনো প্রমাণ নেই এবং তাকে মিথ্যা মামলায় জড়ানো হয়েছে।
আদালত প্রাঙ্গণে আনোয়ার হোসেন বলেন, তিনি জাতীয় নাগরিক কমিটির কোতোয়ালী থানার প্রধান সমন্বয়ক এবং সংগঠনের কর্মসূচিতে নিয়মিত অংশ নিয়েছেন।
কারাগারে নেওয়ার পথে সাংবাদিকদের তিনি অভিযোগ করেন, ‘আমার অপরাধ আমি জুলাই যোদ্ধা। আওয়ামী লীগের আমলেও অন্যায়ের বিরুদ্ধে কথা বলে হামলার শিকার হয়েছি। বিএনপির আমলে আরও বেশি মার খেয়েছি।’
তিনি আরও দাবি করেন, স্থানীয় বিএনপি নেতাদের নেতৃত্বে তার বাড়িঘর ভাঙচুর করা হয়েছে এবং পরিবারের সদস্যদেরও মারধর করা হয়েছে।
প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তির অভিযোগের বিষয়ে আনোয়ার বলেন, এটি তার বাকস্বাধীনতার অংশ। তবে ডেইলি স্টার ও প্রথম আলোর কার্যালয়ে হামলার অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, এসব অভিযোগ সত্য নয়।
মামলার এজাহার অনুযায়ী, গত বছরের ১৮ ডিসেম্বর রাতে একদল হামলাকারী দ্য ডেইলি স্টার কার্যালয়ে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাট চালায়। এতে প্রায় ৪০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। এ ঘটনায় ২২ ডিসেম্বর তেজগাঁও থানায় মামলা দায়ের করা হয়।
এর আগে প্রথম আলোর কার্যালয়ে হামলার মামলায়ও আনোয়ার হোসেন তিন দিনের রিমান্ডে ছিলেন। বর্তমানে ডেইলি স্টার কার্যালয়ে হামলার মামলায় তাকে পুনরায় গ্রেপ্তার দেখিয়ে দুই দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।