বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেছেন, গণভোটে জনগণের দেওয়া রায় বাস্তবায়ন না হলে রাজনৈতিক অস্থিরতা তৈরি হতে পারে।
তিনি দাবি করেন, বর্তমান সরকার যদি রাষ্ট্র সংস্কার ও গণভোটের ফল বাস্তবায়নে ব্যর্থ হয় এবং বিএনপি অতীতের স্বৈরাচারী শাসকদের পথ অনুসরণ করে, তবে তাদেরও একই ধরনের পরিণতির মুখোমুখি হতে হতে পারে।
শনিবার (২৭ জুন) বিকেলে ময়মনসিংহ নগরের রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বরে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মামুনুল হক বলেন, গণভোটে জনগণের যে মতামত প্রকাশ পেয়েছে, তা শান্তিপূর্ণভাবে বাস্তবায়ন করা উচিত। তিনি অভিযোগ করেন, রাষ্ট্র সংস্কারের প্রশ্নে জনগণের প্রত্যাশা উপেক্ষা করা হলে তা দেশের জন্য ইতিবাচক হবে না।
তিনি আরও বলেন, সামাজিক নিরাপত্তা কর্মসূচি বা আর্থিক সহায়তা দিয়ে জনগণের মর্যাদা ও অধিকারকে প্রতিস্থাপন করা সম্ভব নয়। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, রাষ্ট্র সংস্কারের বিষয়ে বৃহত্তর রাজনৈতিক ঐকমত্যের পরিবর্তে সীমিত পরিসরে সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করা হচ্ছে।
সমাবেশে তিনি বিএনপির উদ্দেশে সতর্কবার্তা দিয়ে বলেন, জনগণের সংস্কারের আকাঙ্ক্ষাকে উপেক্ষা করে কোনো রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়া হলে তা আত্মঘাতী হতে পারে। অনুষ্ঠানে খেলাফত মজলিস ও ১১ দলীয় ঐক্যের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।