শেখ নজরুল ইসলাম তালা সাতক্ষীরা থেকে
সাতক্ষীরাবাসীকে ‘ধর্মান্ধ’ আখ্যায়িত করার অভিযোগে সাতক্ষীরা জেলা প্রশাসকের (ডিসি) বক্তব্যের প্রতিবাদে তালা উপজেলায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৬ জুন) বিকেল ৬টায় তালা উপজেলা ওলামা-মাশায়েখ পরিষদের উদ্যোগে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ পরিচালনা করেন মো. ওহিদুজ্জামান রিপন। এতে সভাপতিত্ব করেন তালা উপজেলা ওলামা-মাশায়েখ পরিষদের সভাপতি মাওলানা কবিরুল ইসলাম।
সমাবেশে উপজেলার বিভিন্ন এলাকা থেকে আলেম-ওলামা, ধর্মপ্রাণ মুসল্লি এবং সর্বস্তরের সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।
সভাপতির বক্তব্যে মাওলানা কবিরুল ইসলাম বলেন, জেলা প্রশাসকের দেওয়া অনভিপ্রেত বক্তব্য সাতক্ষীরার ধর্মপ্রাণ মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনেছে এবং জেলার মানুষের মর্যাদাকে ক্ষুণ্ন করেছে। তিনি বলেন, সাতক্ষীরার মানুষ যুগ যুগ ধরে সাম্প্রদায়িক সম্প্রীতি, পারস্পরিক সহনশীলতা ও ধর্মীয় মূল্যবোধ বজায় রেখে শান্তিপূর্ণভাবে বসবাস করে আসছে।
একজন দায়িত্বশীল সরকারি কর্মকর্তার কাছ থেকে জেলার সাধারণ মানুষকে এভাবে ঢালাওভাবে ‘ধর্মান্ধ’ আখ্যায়িত করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
সমাবেশ থেকে বক্তারা জেলা প্রশাসকের বিতর্কিত বক্তব্য অবিলম্বে প্রত্যাহার এবং এ বিষয়ে সুস্পষ্ট ব্যাখ্যা দেওয়ার দাবি জানান। একই সঙ্গে তারা বলেন, দাবি বাস্তবায়ন না হলে ভবিষ্যতে আরও কঠোর হলেও শান্তিপূর্ণ কর্মসূচি ঘোষণা করা হবে।
বিক্ষোভ সমাবেশ শেষে উপস্থিত জনতা বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেন এবং শান্তিপূর্ণভাবে কর্মসূচি সমাপ্ত করেন।