ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের নির্বাচনী ব্যয়ের নিরীক্ষিত হিসাব নির্ধারিত সময়ের মধ্যে জমা না দেওয়ায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)সহ সাতটি রাজনৈতিক দলকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
বৃহস্পতিবার (২৫ জুন) নির্বাচন কমিশনের কর্মকর্তা মনির হোসেনের সই করা পৃথক চিঠি সংশ্লিষ্ট দলগুলোর কাছে পাঠানো হয়। চিঠিতে বলা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়া রাজনৈতিক দলগুলোকে গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুযায়ী নির্বাচন শেষ হওয়ার ৯০ দিনের মধ্যে নির্বাচনী ব্যয়ের নিরীক্ষিত হিসাব কমিশনে জমা দিতে হয়।
ইসি জানায়, নির্ধারিত সময়ের মধ্যে হিসাব না পাওয়ায় গত ১৬ মার্চ দলগুলোকে চিঠি দিয়ে ১৩ মে’র মধ্যে ব্যয়ের বিবরণী জমা দেওয়ার অনুরোধ করা হয়েছিল। পরে ১৯ মে সতর্কীকরণ নোটিশ দিয়ে ১৩ জুনের মধ্যে হিসাব দাখিলের নির্দেশ দেওয়া হলেও নির্ধারিত সময় অতিক্রম করার পরও সংশ্লিষ্ট দলগুলো তা জমা দেয়নি।
আরপিওর ৪৪গগগ (৫) অনুচ্ছেদ অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যে ব্যয়ের হিসাব জমা না দিলে নির্বাচন কমিশন ১০ হাজার টাকা জরিমানা আরোপ করে সময় বাড়ানোর সুযোগ দিতে পারে। এরপরও হিসাব দাখিল না করলে সংশ্লিষ্ট দলের নিবন্ধন বাতিলের বিধান রয়েছে।
নোটিশে দলগুলোর কাছে জানতে চাওয়া হয়েছে, কেন তাদের ১০ হাজার টাকা জরিমানা করে নির্বাচনী ব্যয়ের হিসাব জমা দেওয়ার নির্দেশ দেওয়া হবে না। এ বিষয়ে অনতিবিলম্বে নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিবের কাছে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
যেসব দলকে শোকজ করা হয়েছে, সেগুলো হলো—জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি), বাংলাদেশ মুসলিম লীগ (বিএমএল), বাংলাদেশ কল্যাণ পার্টি, আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি), জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম) এবং আমজনতার দল।