বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এমপির সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জঁ-মার্ক সেরে-শার্লেট সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক করেছেন। এ সময় ফ্রান্স দূতাবাসের পলিটিক্যাল অ্যাটাশে এমিলি পালাউয়ান উপস্থিত ছিলেন।
বৃহস্পতিবার (২৫ জুন) সকালে জাতীয় সংসদ ভবনে বিরোধীদলীয় নেতার কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে নির্বাচন-পরবর্তী রাজনৈতিক পরিস্থিতি, গণতান্ত্রিক ও সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর টেকসই উন্নয়ন, মানবাধিকার পরিস্থিতি, বাংলাদেশ-ফ্রান্স দ্বিপাক্ষিক সম্পর্ক এবং বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা নিয়ে খোলামেলা আলোচনা হয়।
বৈঠকে সুশাসন, জবাবদিহিতা, দুর্নীতি দমন এবং আইনের শাসন প্রতিষ্ঠার গুরুত্ব তুলে ধরা হয়। বিদেশি বিনিয়োগ আকর্ষণে এসব ক্ষেত্রে সংশ্লিষ্টদের দায়িত্বশীল ভূমিকার ওপরও গুরুত্বারোপ করা হয়।
ডা. শফিকুর রহমান বাংলাদেশ ও ফ্রান্সের দীর্ঘদিনের কূটনৈতিক সম্পর্কের প্রশংসা করেন এবং বাংলাদেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় ফ্রান্সের সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান। উভয় পক্ষ ভবিষ্যতে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
বৈঠকে বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান এমপি এবং পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য আলী আহমাদ মাবরুর উপস্থিত ছিলেন।