জুলাই আন্দোলনের সময় রাজধানীর মোহাম্মদপুরে ট্রাকচালক মো. হোসেন হত্যার মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩৪ আসামির বিরুদ্ধে চার্জ গঠনের শুনানি পিছিয়ে ২৬ জুলাই নির্ধারণ করেছেন আদালত।
বৃহস্পতিবার (২৫ জুন) ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক রবিউল আলম এ তারিখ নির্ধারণ করেন। আসামিপক্ষের আইনজীবী গোলাম মঈনউদ্দীন চিশতী বিষয়টি নিশ্চিত করেন।
রাষ্ট্রপক্ষের সময়ের আবেদনের পর আদালত নতুন করে শুনানির তারিখ নির্ধারণ করেন। আসামিরা অনুপস্থিত থাকায় শুনানি স্থগিতের আবেদন করা হয় বলে জানা যায়।
মামলার অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের ১৯ জুলাই মোহাম্মদপুরের চাঁদ উদ্যান এলাকায় গুলিতে নিহত হন ট্রাকচালক মো. হোসেন। তিনি গাবতলীতে ট্রাক রেখে বাসায় ফেরার পথে এ ঘটনায় প্রাণ হারান।
নিহতের মা রীনা বেগম ২০২৪ সালের ৩১ আগস্ট মোহাম্মদপুর থানায় হত্যা মামলা করেন। পরে ২০২৫ সালের ২৩ নভেম্বর মামলার তদন্ত কর্মকর্তা আদালতে শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন।
আসামিদের মধ্যে রয়েছেন সাবেক মন্ত্রী, সংসদ সদস্য, রাজনৈতিক নেতা এবং ছাত্রলীগের শীর্ষ পর্যায়ের নেতারা। এর মধ্যে কয়েকজন বর্তমানে কারাগারে রয়েছেন।