দেশে বর্তমানে প্রায় ৮২ লাখ মানুষ মাদকাসক্ত বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, সিনথেটিক ও সেমি-সিনথেটিক মাদকের সহজলভ্যতার কারণে এই সংখ্যা উদ্বেগজনকভাবে বাড়ছে।
বৃহস্পতিবার (২৫ জুন) আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান। অনুষ্ঠানে ১৫টি বেসরকারি মাদক পুনর্বাসন কেন্দ্রে অনুদানের চেক হস্তান্তর করা হয়।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মাদক নিয়ন্ত্রণে প্রচলিত আইন যথেষ্ট কার্যকর নয়। মাদক কারবারিদের কাছে আধুনিক অস্ত্র থাকলেও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) কর্মকর্তাদের কোনো অস্ত্র নেই, যা তাদের কার্যক্রমকে সীমিত করছে।
তিনি জানান, এ পরিস্থিতি মোকাবিলায় ডিএনসি কর্মকর্তাদের অস্ত্র সরবরাহ এবং মাদক আইনে সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে, যা চলতি সংসদ অধিবেশনেই উত্থাপন করা হতে পারে।
মন্ত্রী আরও বলেন, মাদক মামলার সংখ্যা অত্যধিক হওয়ায় বিচার প্রক্রিয়ায় জট তৈরি হয়েছে। বর্তমানে ঢাকায় প্রায় ৮০ হাজার মামলা বিচারাধীন রয়েছে। এসব মামলা দ্রুত নিষ্পত্তির জন্য বিশেষ ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব পাঠানো হয়েছে, পাশাপাশি নিয়মিত আদালতেও বিচার কার্যক্রম চলবে।